দিনে জ্বলে না চুলা, সমস্যা রাতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের বাসিন্দা নূরুল ইসলাম (৭৮) শীতকালে গরম পানি দিয়ে গোসল করেন। কিন্তু কয়েক দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর বাসার গ্যাসের চুলাই জ্বলছে না। ফলে গোসল করা নিয়ে তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন তাঁর পরিবারের সদস্যরা। একই এলাকার বাসিন্দা সুলতানা বেগম জানান, পানি গরম করা দূরে থাক, গ্যাস না থাকায় তিনি দিনে রান্না করতে পারছেন না। তাঁর স্বামী অফিসে গিয়ে সকালের নাশতা ও দুপুরের খাবার সারেন রেস্তোরাঁ থেকে কিনে এনে।গ্যাস না থাকার এই বিড়ম্বনা কেবল গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রধান কার্যালয়ের সামান্য দূরের তেজতুরী বাজারেই নয়, রাজধানীর অনেক এলাকায় এখন এটি নিত্যচিত্র। শুধু গৃহস্থালি নয়, গ্যাস-সংকটের কারণে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। তেজগাঁও, শ্যামপুরসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার উত্পাদনও বিঘ্নিত হচ্ছে গ্যাসের চাপ ঠিক না থাকায়। গ্যাস-সংকটের বিষয়টি স্বীকার করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, রাজধানীসহ আশপাশের এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো পুরো মাত্রায় উত্পাদন করায়, অনেক দিন বন্ধ থাকা ঘোড়াশাল সার কারখানা আবার চালু হওয়ায় এবং গৃহস্থালির কাজে অতিরিক্ত গ্যাস ব্যবহার হওয়ায় এই সংকট হয়েছে। এই সংকট কিছুটা কাটানোর জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সপ্তাহে দুই দিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তারা নীতিগতভাবে রাজিও হচ্ছে। মানুষের দুর্ভোগ: রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাস-সংকট। সরেজমিন ঘুরে জানা গেছে, তিতাস কার্যালয়ের কাছের কাজীপাড়া, তেজকুনীপাড়া, নাখালপাড়া, তেজগাঁও, কাফরুল, পূর্ব ও পশ্চিম শেওড়াপাড়া, কাজীপাড়া, মণিপুর, মিরপুর-১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩ নম্বর সেকশন, সেনপাড়া পর্বতা, কল্যাণপুর, পাইকপাড়া, পীরেরবাগ, ধানমন্ডির রায়েরবাজার, মোহাম্মদপুরের বেশির ভাগ এলাকা, টেকেরহাট, পুরান ঢাকার রাজার দেউড়ি, স্বামীবাগ, মানিকনগর, গোলাপবাগ, ওয়ারী, উত্তর মৈশুন্ডি, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, বকশীবাজার, দক্ষিণ কমলাপুর, বনশ্রী, পূর্ব ও পশ্চিম রামপুরাসহ অনেক এলাকায় দিনে বেশ কয়েক ঘণ্টা গ্যাসের চুলা জ্বলছে না। কোথাও কোথাও গ্যাস আসে রাত ১০টা থেকে ১২টায়, থাকে ভোররাত পর্যন্ত। ফলে রান্নাবান্নায় এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের পর দিন এ সমস্যার কারণে কেউ কেউ বিকল্প হিসেবে কেরোসিনের চুলা, মাটির চুলায় বা ছাদে কাঠ জ্বালিয়ে রান্না করছেন।তিতাসের সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস না থাকা সংক্রান্ত প্রায় ৩০০ অভিযোগ প্রতিদিন তাদের আঞ্চলিক কার্যালয়গুলোতে আসছে। কেউ লিখিতভাবে, আবার কেউ টেলিফোনে এসব অভিযোগ করছেন। বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে আলাপকালে তাঁদের অনেকে জানান, তিতাসের আঞ্চলিক কার্যালয়ে টেলিফোন ব্যস্ত পাওয়ায় অভিযোগ জানাতে পারছেন না। কেউ কেউ জানান, তাঁরা তিতাস কার্যালয়ে গিয়েও এই সংকট কবে কাটবে, সে ব্যাপারে কোনো সদুত্তর পাচ্ছেন না।মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নম্বর রোডের ৭৪ নম্বর বাড়ির গৃহিণী সেলিনা পারভীন জানান, তাঁর গ্যাসের চুলা সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জ্বলে না। ৯ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ির রাবেয়া হক বলেন, গ্যাসের সমস্যার কারণে গভীর রাতে রান্না করতে হয়। ৮ নম্বর সড়কেও একই অবস্থা। মিরপুর ১ নম্বরের গোলারটেক এলাকার গৃহিণী সালমা রহমান প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করে জানান, দিন-রাতের বেশির ভাগ সময় গ্যাস থাকে না। কাজীপাড়ার আবদুল মান্নান বলেন, গত বুধবার তাঁর স্ত্রী ভোর পাঁচটায় গ্যাসের চুলায় চাল চড়ালেও সকাল নয়টায়ও সেদ্ধ হয়নি। মধ্য পাইকপাড়ার সুলতান মাহমুদ জানান, কয়েক দিন আগে রাতে কিছু গ্যাস থাকত। এখন রাতেও ঠিকমতো চুলা জ্বলছে না। তাঁর প্রতিবেশী আকলিমা বেগম জানান, বাধ্য হয়ে তিনি কেরোসিনের চুলা কিনে এনেছেন। এ জন্য এখন তাঁর বাড়তি টাকা খরচ হচ্ছে। অথচ গ্যাসের বিল দিতে হবে পুরোটাই।কল্যাণপুরের ১৩ নম্বর রোডের এক গৃহবধূ জানান, তাঁর বাড়িতে গ্যাস না থাকায় দুপুরে খাওয়ার জন্য পরিবারের সবাই পীরেরবাগে আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। কিন্তু ওই বাড়িতেও গ্যাস না থাকায় তাঁদের খাওয়ানো হয় হোটেল থেকে খাবার আনিয়ে।সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি: মগবাজার মোড়ে গত কয়েক দিন যানজট আরও বেড়েছে সেখানে থাকা দুটি সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা যানগুলোর দীর্ঘ সারির কারণে। হলি ফ্যামিলি হাসপাতালসংলগ্ন ব্যস্ত সড়কের পাশে আনুদীপ সিএনজি স্টেশনের সামনে বুধবার বিকেলে সারিবদ্ধ শতাধিক যান দেখা যায়। গ্যাস না থাকায় মাঝেমধ্যে স্টেশন সীমানায় শিকল টেনে দেওয়া হচ্ছিল। লাইনম্যান রহমান জানান, প্রতিবছর শীতকালে এ সমস্যা হয়। কিন্তু এবার সমস্যা হচ্ছে বেশি। গ্যাস-সংকট ও চাপ কম থাকায় রাজধানীর শতাধিক সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন গড়ে ৪০টি কখনো কখনো তিন-চার ঘণ্টাও বন্ধ থাকছে। মিরপুর দারুসসালামের পূর্বাচল ও যমুনা ফিলিং স্টেশন, এস এস ফিলিং স্টেশন, কল্যাণপুরের এস এ খালেক ফিলিং স্টেশন, রহমান ফিলিং স্টেশন, মোহনা ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুর-২-এর কিংসুক সিএনজি রি-ফুয়েলিং স্টেশন, কাজীপাড়ায় সিডিসিসহ অনেক স্টেশনে চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, যে অবস্থা হয়েছে তাতে হয়তো অনেক স্টেশন বন্ধ করে দিতে হতে পারে। যেখানে স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (প্রতি বর্গইঞ্চি), সেখানে চাপ নেমে আসছে পাঁচ পিএসআইয়ের নিচেও। মাঝেমধ্যে গ্যাস একেবারেই থাকে না। তিনি বলেন, বিল নিরূপণের জন্য স্টেশনে ইলেকট্রনিক ভলিয়ম কারেক্টার (ইভিসি) স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি এখনো বিবেচনা করা হয়নি।চাহিদা ও প্রাপ্তির ফারাক: তিতাস সূত্র জানায়, ঢাকায় শীতকালে গ্যাসের চাহিদা এক হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় এক হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট। গ্যাস-সংকটের মূল কারণ এটাই। পেট্রোবাংলা সূত্র জানায়, সারা দেশের গ্যাসক্ষেত্রে উত্পাদন কম থাকায় তিতাসকে কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তিতাস সূত্র জানায়, তারা যে গ্যাস পায় তার মধ্যে ৮০০ মিলিয়ন ঘনফুট আবাসিক, বাণিজ্যিক গ্রাহকদের এবং বাকি গ্যাস বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সার কারখানাগুলোকে দেওয়া হয়। শীতের কারণে অনেক এলাকায় সরু পাইপে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহে সমস্যা বেশি হচ্ছে। তিতাসের এক সমীক্ষায় বলা হয়েছে, শীতকালে গৃহস্থালির কাজ বাড়ে। এ ছাড়া যেসব এলাকায় গ্যাস থাকে, সেখানে বেশি সময় ধরে পানি গরম করা, কাপড় শুকানো, চুলা জ্বালিয়ে ঘর গরম করা হয়। এ কারণে গ্যাসের অপেক্ষাকৃত দুর্বল বা সরু পাইপ থাকা এলাকায় গ্যাস পৌঁছাতে পারে না।এই গ্যাস-সংকটের সমাধান কবে নাগাদ হবে, জানতে চাইলে তিতাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এই সংকট ভবিষ্যতে যেন না হয়, সে জন্য তিতাসের বরাদ্দ বাড়াতে অনুরোধ করা হয়েছে। সরু পাইপের স্থলে চওড়া পাইপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস থাকে তারা গ্যাসের অপচয় না করলে দুর্বল এলাকায় কিছুটা হলেও গ্যাসের সমস্যা কমবে।