দিনে-দুপুরে ব্যাংক লুটের চেষ্টা!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ সোমবার দিনে-দুপুরে একটি বেসরকারি ব্যাংক লুটের চেষ্টা হয়েছে বলে জানা গেছে। ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলা সদরের রতন দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা। ব্যাংকের নিরাপত্তাকর্মী লিটন মিয়া বেলা দেড়টার দিকে দেয়াল কাটার শব্দ পেয়ে ব্যাংক কর্মকর্তাদের খবর দেন। পরে তাঁরা পুলিশকে জানালে বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ব্যাংক এলাকা ঘেরাও করে কর্মকর্তাদের সহায়তায় তালা খুলে ব্যাংকের ভেতরে ঢুকে ক্যাশ কাউন্টারের পাশের দেয়ালে ছিদ্র দেখতে পায়। এ সময় দেখা যায়, ব্যাংকের অভ্যর্থনাকারীদের জন্য থাকা একটি টেবিলের নিচে এক যুবক আত্মগোপন করার চেষ্টা করছেন। পরে তাঁকে আটক করা হয়।যুবকটি জিজ্ঞাসাবাদে জানান, তাঁর নাম নূর আলম (২০)। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্দৈল গ্রামে। তিনি কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।নূর আলম পুলিশকে আরও জানান, ব্যাংক লুটের চেষ্টায় তাঁর সঙ্গে আরও একজন ছিল। দুপুর ১২টা থেকে ঘণ্টা খানেক চেষ্টা করে হাতুড়ি-বাটালি দিয়ে তাঁরা ব্যাংকের পেছনের দিকে দেয়াল কেটে ফেলতে সক্ষম হন। এরপর নূর আলমকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তাঁর সঙ্গী চলে যায়। পরিকল্পনা ছিল, রাত পর্যন্ত তিনি ব্যাংকের ভেতরে থাকবেন। রাতে তাঁর সঙ্গী দেয়ালের ওই কাটা অংশ দিয়ে ভেতরে ঢুকবে। এরপর দুজনে মিলে ব্যাংক লুট করবেন।ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ব্যাংকে টাকার ভল্ট রুমের দরজা অক্ষত ছিল। কোনো লুটের ঘটনা ঘটেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।