রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদ
দিনে প্রতিমন্ত্রীর নির্দেশ, রাতে অভিযানে কর্মীদের বাধা
রাজনৈতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের অবৈধ কার্যালয় আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ফুটপাতের অবৈধ দোকান, ব্যানার, তোরণ, ফেস্টুনও সরিয়ে ফেলতে বলা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব উচ্ছেদ করা না হলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব অপসারণে ব্যবস্থা নেবে। গতকাল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার দুই সিটি করপোরেশনকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়। এই নির্দেশের পর গতকাল রাতেই মহাখালী এলাকায় উচ্ছেদে নামে উত্তর সিটি করপোরেশন। তবে নেতা-কর্মীদের বাধার মুখে ফুটপাতের ওপর গড়ে তোলা ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ ও কৃষক লীগের কার্যালয় দুটি উচ্ছেদ করা হয়নি। গত রোববার দলীয় কোন্দলের জের ধরে যুবলীগের এই কার্যালয়ে সন্ত্রাসী হামলায় তিনজন ওয়ার্ড যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন। গত রাত ১০টার পর শুরু হওয়া এ অভিযানে মহাখালী রেলক্রসিং এলাকার আশপাশের কয়েকটি অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। রেলক্রসিং-সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ ও কৃষক লীগের কার্যালয়ের পাশের একটি রেস্তোরাঁসহ ৮-১০টি দোকান গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশনের বুলডোজার (পেলোডার)। গোল বাধে যুবলীগ ও কৃষক লীগের কার্যালয় উচ্ছেদ করতে গেলে। স্থানীয় নেতা-কর্মীরা কার্যালয় দুটি ভাঙতে বাধা দেন। অভিযানকারীদের সঙ্গে তাঁদের বিতণ্ডা হয়। তবে ডিসিসি উত্তরের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নাসিরউদ্দীন বলেন, যুবলীগের কার্যালয়ে গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরটিকে আলামত হিসেবে সংরক্ষণ করেছে। এ কারণে সেই ঘরটি উচ্ছেদ করা হয়নি।রেললাইন-সংলগ্ন ফুটপাতে উচ্ছেদের সময় রাস্তার উল্টো দিকে মহাখালী কাঁচাবাজার, কলেরা হাসপাতাল-সংলগ্ন ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা তাঁদের মালপত্র সরিয়ে নেন। রাত সোয়া ১২টার দিকে উচ্ছেদকারী বুলডোজারটি মহাখালী বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিল।উচ্ছেদের খবর শুনে ছুটে আসা কয়েকজন ভাসমান ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁরা মালপত্র বেঁধে বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করেই এ অভিযান চালানো হয়। তাঁরা মালপত্র সরানোরও সময় পাননি।এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাসিরউদ্দীন বলেন, তাঁদের এর আগেও একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা শোনেননি। এটিকে ‘রুটিন অভিযান’ হিসেবে উল্লেখ করেন নাসিরউদ্দীন।মন্ত্রণালয়ের বৈঠক: গতকালের বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে যানজটমুক্ত করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাই এসব সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ী ও বিমানবন্দর সড়ক এলাকায় নির্মাণাধীন উড়ালসেতু করতে কিছুটা সময় লাগবে, সে জন্য সাময়িক জনদুর্ভোগ হতে পারে।বৈঠকে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর যানজট নিরসনের উপায় এবং কীভাবে তা বাস্তবায়ন করা যাবে, তা তুলে ধরা হয়। এ সময় ডিএমপির কমিশনার বেনজীর আহমেদসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্রমতে, বৈঠক ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন সড়ক, অলিগলিতে ব্যানার, ফেস্টুন লাগানো ও তোরণ নির্মাণ করার কারণে ট্রাফিক সিগন্যাল বোঝা যায় না, গাড়ি চলতে সমস্যা হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব সরানো না গেলে জনদুর্ভোগ বাড়বে। বৈঠকে পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে বা রাস্তার আশপাশে রাজনৈতিক দলের যে ছোট ছোট অবৈধ কার্যালয় রয়েছে, তার বেশির ভাগই মূলত দলের সাংগঠনিক কাজে ব্যবহার করা হচ্ছে না। চাঁদাবাজিসহ নানা অপকর্ম করা হচ্ছে সেখান থেকে। রাস্তা বা ফুটপাতে এসব কার্যালয় স্থাপনের ফলে জনদুর্ভোগ বাড়ছে, যানজট তৈরি হচ্ছে। তাঁরা বলেন, ফুটপাতে মোটরসাইকেল বা কোনো ধরনের যানবাহন রাখা যাবে না। এ ছাড়া বিভিন্ন রাস্তায় স্তূপ করে রাখা নির্মাণসামগ্রী ও আর্বজনা সরিয়ে ফেলতে হবে।জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলোকে বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মানা হচ্ছে কি না, তদারক করা হবে।