দিনে বিএনপি, রাতে আ.লীগের সঙ্গে অলির বৈঠক
দিনে বিএনপির সঙ্গে বৈঠক করার পর রাতে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে এলডিপির সঙ্গে গতকাল বুধবার সকালে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে এলডিপির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘বৃহত্তর ঐক্য গড়তে আমরা একমত হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হলে জাতীয়তাবাদী শক্তি আরও শক্তিশালী হবে।’ এদিকে, রাতে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা অলি আহমদের বাসায় যান। তাঁদের মধ্যে বৈঠক চলে রাত প্রায় ১২টা পর্যন্ত। এ সময় মহাজোটের পক্ষে থাকা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর আগে গতকাল সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৈঠকের পর সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে শরিক হতে রাজি বলে জানিয়েছিলেন এলডিপির নেতারা। অলি আহমদের মহাখালীর ডিওএইচএসের বাড়িতে এ বৈঠকে বিএনপির সহসভাপতি ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, মামদুদুর রহমান চৌধুরী, সৈয়দ দিদার বখ্ত, আরিফ মইনুদ্দীন ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ফখরুল ইসলাম বলেন, ‘এলডিপির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ জন্য দুই পক্ষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি, সব দেশপ্রেমিক শক্তি নিয়ে আমরা একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারব।’উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়ার এক দিন আগে ২০০৬ সালের ২৬ অক্টোবর অলি আহমদের নেতৃত্বে ১৩ জন সংসদ সদস্য বিএনপি থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন।ইসিকে আবারও ‘না’: প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কারবিষয়ক সংলাপে অংশ নিচ্ছে না। গতকাল বুধবার তারা বিষয়টি ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ চিঠিতে বলা হয়েছে, বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে। সেই কমিশনের সঙ্গে নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সাধনে ফলপ্রসূ হবে না।নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বরাবর লেখা ওই চিঠিতে আরও বলা হয়, ‘মেয়াদের শেষ সময়ে এসে বিতর্কিত এই কমিশন নির্বাচনী আইন ও বিধি সংস্কারের উদ্যোগ না নিয়ে পরবর্তী কমিশনের জন্য রেখে যাওয়াই যথাযথ হবে বলে আমরা মনে করি।’নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে ইসি আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবে। গত ১৩ জুন ইসির সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। সেদিন বিএনপির হরতাল কর্মসূচি থাকায় ইসি দ্বিতীয় দফায় দলটিকে চিঠি দেয়। তাতে বলা হয়, বিএনপি ১৯ থেকে ২২ জুনের মধ্যে নিজেদের সুবিধামতো সময়ে ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে পারবে।শরিকের সন্ধানে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি বৃহৎ ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া চালাচ্ছে বিএনপি। সে লক্ষ্যে শিগগির বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু ও প্রগতিশীল ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।এর আগে বিএনপির পক্ষ থেকে বিকল্পধারা বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে আলোচনা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বিএনপির চেয়ারপারসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।দেশে বাকশাল কায়েম করা হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে আবার বাকশাল কায়েম করা হয়েছে। সংবিধানের ৭ (ক) অনুচ্ছেদ এর প্রচ্ছন্ন ইঙ্গিত। এই অনুচ্ছেদের জোরেই আদালত মুফতি ফজলুল হক আমিনীকে তলব করেছেন।গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।