দিনে সুষ্ঠু ভোট, রাতে উত্তাপ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সারা দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও রাতে ফলাফল নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে। ফল ঘোষণার একপর্যায়ে রাত ১১টার দিকে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের বাইরে বিএনপি-সমর্থিত প্রার্থী মন্জুর আলমের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় শহরে নানা রকম গুজব ছড়াতে থাকে।এ সময় বিএনপির কর্মীরা সেখানে ফুটপাতের দুটি দোকান, তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে চার পুলিশসহ ১০ জন আহত হন বলে জানা গেছে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও সেখানে সংঘর্ষ চলছিল। স্টেডিয়াম এলাকা থেকে কাজীর দেউরি মোড় ও আসকার দীঘিরপাড় এলাকা পর্যন্ত বিএনপি কর্মীরা অবস্থান নেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গাড়িতে ইট নিক্ষেপ করা হলে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি টিপু সুলতানের মাথা ফেটে যায়।রাত তিনটায় পাওয়া ফল: রাত তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম (আনারস) এক লাখ ৮২ হাজার ৩১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী (জাহাজ) পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ৭২০ ভোট। মোট ভোটকেন্দ্র ৬৭৩টি।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শেষে একে একে ভোটের বাক্স ও ফলাফল আনা হচ্ছিল নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে। এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। সন্ধ্যার পর থেকে একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয়। রাত সাড়ে নয়টা পর্যন্ত অল্পকিছু কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এরপর অনেকক্ষণ ফল ঘোষণা করা হয়নি। রাত সাড়ে ১০টার পর বেসরকারি ফল ঘোষণা করা হয় ৪৯টি কেন্দ্রের।সন্ধ্যার পর থেকে বিএনপির কর্মীরা নিয়ন্ত্রণ কক্ষের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। আর মহিউদ্দিনের কর্মীরা নন্দনকানন এলাকার নাগরিক কমিটির কার্যালয়ের সামনে জড়ো হন। রাত যত বাড়তে থাকে, বিএনপির কর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। ভোটকেন্দ্রের ফলাফল আস্তে আস্তে ঘোষণা হলেও রাত আটটার পর থেকেই উভয় প্রার্থীর কর্মীরা অনেক বেশি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে বলে প্রচার শুরু করে। উভয় পক্ষই নিজেদের প্রার্থী এগিয়ে আছেন বলে দাবি করেন। এভাবে নানা গুজব ছড়াতে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমের বিপুলসংখ্যক কর্মীও সন্ধ্যার পর থেকে নিয়ন্ত্রণকক্ষে উপস্থিত রয়েছেন। রাত পৌনে ১১টার দিকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও নন্দনকানন এলাকা থেকে নিয়ন্ত্রণ কেন্দ্রের আশপাশের এলাকায় আসতে শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বিএনপির কর্মীরা নিয়ন্ত্রণ কক্ষের দিক যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাংসদ মাওলানা শামসুল ইসলাম মিছিলের নেতৃত্ব দেন। তখন আবার সংঘর্ষ বাধে। পুলিশ এ সময় কয়েকটি গুলি ছোড়ে। তখন বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা ফুটপাতের দুটি দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেয়। প্রথম আলোর একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি ভোটের বাক্স ভেঙে ফেলা হয়। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় বা আগে-পরে কোথাও কোনো ধরনের সংঘাত-বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে নিরুত্তাপ এ নির্বাচনে ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম ছিল।বেশির ভাগ কেন্দ্রেই সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি অনেক কম ছিল। ১১টার পর উপস্থিতি বাড়তে থাকে, বেলা দুইটার পর আবার কমে যায়। তবে অনেক কেন্দ্রে সারা দিনই ভোটার উপস্থিতি কম ছিল।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম, এটা ঠিক। তবে দেখে যতটা কম বলে মনে হয়, আসলে ততটা নয়। কারণ এবার আগের তুলনায় কেন্দ্র ও ভোটকক্ষ অনেক বাড়ানো হয়েছে। তাই ভোট দিতে এসে কাউকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। তিনি এ নির্বাচনকে একটি ‘মডেল নির্বাচন’ হিসেবে উল্লেখ করেন।মেয়র পদে দুই প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মন্জুর আলমের পক্ষ থেকেও গুরুতর কোনো অভিযোগ গতকাল সন্ধ্যা পর্যন্ত তোলা হয়নি। দুপুরে ঢাকায় বিএনপি সংবাদ সম্মেলন করে অভিযোগ করে, পাঁচটি কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থী মন্জুর আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এ নির্বাচনে উৎসবের আমেজ ছিল না। ভোটকেন্দ্রের সামনে বা আশপাশে অযথা জটলাও দেখা যায়নি। বেশির ভাগ লোকই ভোট দিয়ে চলে গেছেন।ভোটার ও নির্বাচন-সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের দিন সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি যোগ হওয়ায় অনেকেই সপরিবারে ছুটি কাটাতে শহরের বাইরে চলে গেছেন। ভোটার উপস্থিতি কম হওয়ার এটাও একটা কারণ।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুদ্দিন মামুন প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকারদের জন্য একসঙ্গে তিন দিনের ছুটি খুব কমই জোটে। আমার পরিচিত ব্যাংকারদের অনেকেই ছুটি কাটাতে শহরের বাইরে গেছেন।’এ ছাড়া প্রার্থী পছন্দ না হওয়ায় ভোট দিতে যাননি এমন সংখ্যা কম হলেও আছে। মূলত তরুণ ভোটাররাই এই দলে। ভোটের আগে দুই সপ্তাহ ধরে মেয়র পদপ্রার্থীরা ছাড়াও ৪১ ওয়ার্ডে ২৫৩ কাউন্সিলর পদপ্রার্থী ও ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থীর বিরামহীন প্রচার-গণসংযোগের সময়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী আইন মানার প্রতি সবাই সচেতন ছিলেন। জাতীয় পরিচয়পত্র জরুরি নয়। তার পরও বেশির ভাগ ভোটার পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে আসেন।উত্তর কাট্টলী হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ হাবিব প্রথম আলোকে বলেন, ‘এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণের দৃশ্য জীবনে দেখিনি।’তবে দু-একটি মন্দ ঘটনা যে ঘটেনি তা নয়। পুলিশ লাইন কেন্দ্রে এক বৃদ্ধা ভোটারকে ব্যালটে সিল মারার ক্ষেত্রে বিভ্রান্ত করার অভিযোগে সহকারী পোলিং কর্মকর্তা তপন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে আনারস প্রতীকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ রয়েছে।এ ছাড়া একই কেন্দ্রের বাইরে মমিনুল হক ও শাহ আলম নামের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বিএনপির অভিযোগ: নগরের ছয় থেকে সাতটি কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ অভিযোগ করেছেন মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।