দিনে হরতাল ডেকে রাতে প্রত্যাহার
শেয়ারবাজারের ধারাবাহিক দরপতন রোধ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দিনে হরতাল দিয়ে রাতে প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত বিনিয়োগকারীরা। গতকাল সোমবার বিকেলে হরতাল আহ্বানকারী আটজনকে আটক করার পর রাত ১১টায় হরতাল কর্মসূচি তুলে নেওয়া হয়।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ রাতে প্রথম আলোকে বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং প্রশাসনের অনুরোধে তাঁরা হরতাল আজ মঙ্গলবার মতিঝিল এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন না।আটক বিনিয়োগকারীদের ছেড়ে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতাল তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মতিঝিল থানা সূত্রে জানা গেছে, আটক ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে।বিক্ষোভ চলাকালে গতকাল বিকেলে ডিএসই ভবনের সামনে থেকে হরতাল আহ্বানকারী এই ১০ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহসভাপতি সেলিম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আতাউল্লাহ নাঈমও রয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের আন্দোলনের অংশ হিসেবে হরতাল দেওয়া হয়েছিল। এর আগে বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে গতকাল দিনভর আমরণ অনশন, অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেন।দরপতনের প্রতিবাদে গতকাল মতিঝিলের ডিএসই ভবনের সামনে প্রতীকী লাশের মিছিলও করেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে আন্দোলনের একপর্যায়ে শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতীকী ফাঁসিরও আয়োজন করা হয়।গতকাল সকালে বাজারে দরপতন শুরু হলে দুপুর সাড়ে ১২টা থেকে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের একপর্যায়ে বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা প্রতীকী লাশের মিছিল বের করেন। মিছিলটি ডিএসই ভবনের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়। এর আগে বিক্ষোভকারীরা শেয়ারবাজার কারসাজিকারীদের প্রতীকী ফাঁসিরও আয়োজন করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এ ছাড়া বিক্ষোভকারীরা লেনদেন চলাকালে ডিএসইর অ্যানেক্স ভবনের বেশ কিছু ব্রোকারেজ হাউস থেকে জোর করে বিনিয়োগকারীদের বের করে দেন বলে জানা গেছে।বিনিয়োগকারীদের চলমান বিক্ষোভের মতো বাজারে দরপতনও অব্যাহত রয়েছে। গতকাল দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক নেমে এসেছে চার হাজার ৬৩৯ পয়েন্টে। গত প্রায় দুই বছরের মধ্যে এটি সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১০ সালের ৩ জানুয়ারি সর্বশেষ ডিএসইর সাধারণ মূল্যসূচক চার হাজার ৫৬৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই রেশ ধরে ধারাবাহিক দরপতনের ঘটনা ঘটছে। এই অবস্থায় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমে গেছে। ফলে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের বিক্রির চাপ সামাল দেওয়া যাচ্ছে না।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারে যখন ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়, তখন বাজারকে সমর্থন দিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হয়। কিন্তু বর্তমান বাজারে সেই সমর্থনের অভাব রয়েছে। এখন শেয়ারবাজার হয়ে গেছে বহুলাংশে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীনির্ভর।যোগাযোগ করা হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে আবারও চরম আস্থার সংকট তৈরি হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা একধরনের আতঙ্কে ভুগছেন। তা না হলে এমন বাজারে ধারাবাহিক দরপতনের আর কোনো কারণ দেখি না।’ ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের বিষয়টি সরকারের পক্ষ থেকে এখনো পুরোপুরি স্পষ্ট করা হয়নি। সরকারের পক্ষ থেকে দ্রুত এ বিষয়টি স্পষ্ট করা উচিত। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন কি পারবেন না, সে ব্যাপারে পরিষ্কার ঘোষণা আসা দরকার। কারণ, যে বিধির আওতায় বিষয়টি সামনে আনা হয়েছে, সেই বিধিতেই বেশ অস্পষ্টতা রয়েছে।আরও তিন পরিচালকের শেয়ার কেনার ঘোষণা: দরপতনের মধ্যে গতকালও তালিকাভুক্ত দুটি ব্যাংকের তিনজন পরিচালক নিজ নিজ কোম্পানির মোট চার লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো শাহ্জালাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে শাহ্জালাল ব্যাংকের পরিচালক মহিউদ্দিন আহমেদ এক লাখ এবং আবদুল বারেক দুই লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মনজুরুল আলম নিজ কোম্পানির এক লাখ শেয়ার কেনার ঘোষণা দেন।