দিনে ১২টি ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে
নানা সমস্যায় প্রতিদিন বাংলাদেশ রেলওয়ের অন্তত ১২টি ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে। এর মধ্যে তিনটি পূর্বাঞ্চলে এবং নয়টি পশ্চিমাঞ্চলে।রেলের লোকবলস্বল্পতা, ইঞ্জিনের অপর্যাপ্ততা ও কোচ-সংকটের কারণে এ সমস্যা হচ্ছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।ঢাকা-চট্টগ্রামসহ যমুনা নদীর উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর রেললাইন এলাকাকে রেলের পূর্বাঞ্চল এবং যমুনা নদীর উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে পশ্চিমাঞ্চল বলে ধরা হয়।রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, ইঞ্জিন অথবা লোকবলস্বল্পতার কারণে প্রতিদিন গড়ে ৯-১০টি ট্রেনের যাত্রা বাতিল করতে হচ্ছে। এর মধ্যে লোকাল ট্রেন ও মেইল ট্রেনও আছে।রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন বলেন, ‘আমার শাখা লাইনগুলোতে প্রতিদিনই কোনো না কোনো ট্রেন বাতিল করতে হচ্ছে। এর জন্য প্রায় প্রতিদিনই আমি মন্ত্রণালয়ে ঝগড়াঝাঁটি করছি।’ পূর্বাঞ্চলের পাঁচটি শাখা লাইনে প্রতিদিন অন্তত ১২টি ট্রেন চলাচলের কথা বলে তিনি জানান।রেলের হিসাবে দেখা যায়, প্রতিদিন রেলের দুই অঞ্চলে মোট ২৯৩টি ট্রেন চলাচল করে। এসব ট্রেনের স্বাভাবিক চলচলের জন্য প্রতিদিন ১৪৫টি ইঞ্জিন (লোকোমোটিভ) দরকার। কিন্তু কোনো দিনই ১১৩টির বেশি ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ইঞ্জিনের তীব্র সংকট আছে পূর্বাঞ্চলে।একইভাবে রেলের মঞ্জুরি করা মোট জনবলসংখ্যা ৪০ হাজার ২৬৪। কিন্তু এখন কর্মরত আছেন প্রায় ২৭ হাজার। অর্থাৎ প্রায় ৬৭ শতাংশ লোকবল কম রয়েছেন। বিশেষ করে স্টেশনমাস্টার, সহকারী স্টেশনমাস্টার, ট্রেনচালক, সহকারী চালকের মতো গুরুত্বপূর্ণ ও কারিগরি পদগুলো অবসরজনিত কারণে খালি হলেও তা পূরণ করা হয়নি। এ কারণে দিনে দিনে রেলের সংকট তীব্র করে তুলেছে।এ প্রসঙ্গে রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গত বছরের জুলাই মাসে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। পরীক্ষা নেওয়াসহ ১৫৯ জন লোকোমাস্টার নিয়োগের আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় গত ফেব্রুয়ারিতে। এখন সংস্থাপন মন্ত্রণালয় এ ধরনের নিয়োগে তাদের অনুমোদনের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলে পুরো নিয়োগপ্রক্রিয়া আটকে দিয়েছে। আমলাতান্ত্রিক এসব দীর্ঘসূত্রতার কারণে রেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।জানা যায়, গত বছর রেলের তিন হাজার ৮০০ লোকবল নিয়োগের জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পার হলেও সেই নিয়োগ চূড়ান্ত করা যায়নি।রেল সূত্র জানায়, পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শাখা লাইন চট্টগ্রাম-নাজিরহাট এবং চট্টগ্রাম-দোহাজারী সেকশনে ১০ বছর আগে ছয়টি (তিন জোড়া) করে মোট ১২টি ট্রেন চলত প্রতিদিন। তিন মাস আগেও এ দুই শাখা লাইনে প্রতিদিন একটি করে ট্রেন চলছিল। এখন এ দুই শাখা লাইনে এক দিন পরপর ট্রেন চলে।জানা যায়, পূর্বাঞ্চলের লাকসাম-নোয়াখালী শাখা লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে দুই মাস আগে। তার আগে এই লাইনে দিনে দুই জোড়া ট্রেন চলাচল করছিল। অপর শাখা লাইন লাকসাম-চাঁদপুর লাইনে এখন ট্রেন চলাচল অনিয়মত হতে শুরু করেছে।রেলের পশ্চিমাঞ্চলের গত মাসের এক প্রতিবেদনে বলা হয়, এ অঞ্চলে চালক (লোকোমাস্টার) গার্ড ও ইঞ্জিন-কোচ না থাকায় প্রতি মাসে গড়ে ৩০০ থেকে ৩২০টি ট্রেনের যাত্রা বাতিল করতে হচ্ছে। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ‘বার্মা সাগর এক্সপ্রেস’ নামের একটি মেইল ট্রেন লালমনিরহাট, বোনারপাড়া ও দিনাজপুরের মধ্যে চলাচল শুরুর কথা ছিল গত বছরের ১২ ডিসেম্বর থেকে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু গত সাত মাসে ট্রেনটি এক দিনের জন্যও চালানো সম্ভব হয়নি বলে জানা যায়।