দিনে ২২ জন করে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রবীণ কর্মকর্তাদের আত্মহত্যার হার আগের চেয়ে অনেক বেড়েছে। তাঁদের মধ্যে এখন প্রতিদিন গড়ে ২২ জন বা ৬৫ মিনিটে একজন আত্মহত্যা করছেন। সরকারি এক সমীক্ষার ফলের বরাত দিয়ে গতকাল শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স (ভিএ) পরিচালিত এই সমীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়। ২১টি অঙ্গরাজ্যে সামরিক কর্মকর্তাদের মৃত্যুর সনদ বিশ্লেষণ করে সমীক্ষাটি চালানো হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমীক্ষায় ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রবীণ কর্মকর্তাদের আত্মহত্যার বিষয়টি নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, আত্মহননকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে ৬৯ শতাংশের বেশি জনের বয়স ৫০ বছর বা তার ওপর। প্রতিষ্ঠানটি বলছে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এই আত্মহত্যার হার প্রায় ১১ শতাংশ বেড়েছে। ওয়াশিংটনের ডেমোক্র্যাট-দলীয় সিনেটর পেটি মুরে বলেন, ‘গবেষণার এই তথ্য খুবই স্বচ্ছ ও সঠিক। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আত্মহত্যার এই ভয়াবহ চিত্র দুঃখজনক।’সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকালে ৩৪৯ জন শীর্ষ সেনা কর্মকর্তা আত্মহত্যা করেন। এই হিসাবে প্রতিদিন আত্মহত্যার হার গড়ে প্রায় একজন। সম্প্রতি সেনাবাহিনী স্বীকার করে, ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার ছিল রেকর্ডসংখ্যক।