দিনে ‘অন্ধকারে’ ছিলেন যোগাযোগ মন্ত্রী কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার বেলা তিনটার দিকে ঠিকাদারের সঙ্গে বৈঠক করে নির্দেশ দিলেন জানুয়ারি থেকে কাজ শুরু করার। রাত পৌনে নয়টার সময় মন্ত্রী নিজে ফোন করে প্রথম আলোকে জানালেন, সিদ্ধান্ত বাতিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগ্যতা প্রশ্নবিদ্ধ। মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর তাঁকে অন্ধকারে রেখে ভুল পথে চালনা করেছিল।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের ঠিকাদার নিয়োগসংক্রান্ত জটিলতা নিয়ে গতকাল দিনভর এ নাটক হয়েছে। প্রকল্পের গাজীপুর অংশের কাজের ঠিকাদারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে তাঁদের নিয়োগ বাতিলের উদ্যোগ নিয়েছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গত জানুয়ারিতে চীনের হেবাই রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড (এইচআরবিসি) এবং বাংলাদেশের ইন্ট্রাকো বিডিকে গাজীপুর অংশের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের রাজেন্দ্রপুরে সওজের রেস্টহাউসে ঠিকাদারের সঙ্গে বৈঠকে তাঁদের কাজ শুরুর নির্দেশ দেন। মন্ত্রী গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে এই বৈঠক করেন।কিন্তু দুপুরের সিদ্ধান্ত বাতিল করে রাতে মন্ত্রী ফোনে বলেন, ‘আমাকে বলা হয়েছে, ঠিকাদার মামলা করার কারণে কাজ আটকে আছে। আমি বললে মামলা তুলে নেবে। কিন্তু এর পেছনের ঘটনা আমাকে বলা হয়নি। আমি জানতে পেরেছি, ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগ্যতা প্রশ্নবিদ্ধ। কেন আমাকে অন্ধকারে রাখা হয়েছে, সেটা আমি এখন অনুসন্ধান করছি। আমার আগের সিদ্ধান্ত বাতিল করেছি।’অভিযোগের ভিত্তিতে গত জুন মাসে সওজ ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা চীনে গিয়ে তদন্ত করে জানায়, ইন্ট্রাকো একটি চীনা কোম্পানির কাগজপত্র জাল করে জমা দিয়েছিল। এই সফরের পর চীনা কোম্পানি যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা এই প্রকল্পে অংশ নেয়নি। এর পরই সাবেক যোগাযোগমন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি চুক্তি বাতিল, তাদের জমা দেওয়া ব্যাংক গ্যারান্টি কেটে রাখা এবং তাদের কালো তালিকাভুক্ত করার কথাও ঘোষণা দিয়েছিলেন। পরে ইন্ট্রাকো এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এর পর থেকেই জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত চার লেনের কাজ বন্ধ ছিল।গতকাল ওবায়দুল কাদের যখন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন সওজ ও যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ইন্ট্রাকোর সঙ্গে জটিলতা সবাই জানতেন। কিন্তু এর পরও মন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁরা কোনো কথা বলেননি।যোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় জানানো হয়, ঠিকাদারদের সঙ্গে যোগাযোগমন্ত্রীর গতকালের বৈঠকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ঝামেলা মিটে গেছে। ইন্ট্রাকোর পক্ষ থেকে রিট আবেদন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ১৫ জানুয়ারি কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।ইন্ট্রাকোর অন্যতম স্বত্বাধিকারী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেছিলেন, জালিয়াতির অভিযোগ ভুয়া। ব্যবসায়িক ঈর্ষার কারণে তাঁদের তখন পরিস্থিতির শিকার বানানো হয়েছিল। নতুন যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান হয়েছে। আগামী জানুয়ারিতে কাজ শুরু হবে।প্রকল্প: গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কটির ৮৭ কিলোমিটার চার লেন করার লক্ষ্যে ৯০৫ কোটি টাকার প্রকল্প নেয় সরকার। গত জানুয়ারি মাসে চার ভাগে (চার প্যাকেজে) ৮১৬ কোটি টাকায় ঠিকাদারও নিয়োগ করা হয়। এর মধ্যে দুটি প্যাকেজে গাজীপুরের জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত ৩০ দশমিক ২৫ কিলোমিটার অংশের জন্য ৩৩০ কোটি টাকায় ঠিকাদার নিয়োগ করা হয়েছিল এইচআরবিসি ও ইন্ট্রাকো বিডিকে।মাওনা থেকে ত্রিশালের রায়মণি পর্যন্ত ২৯ দশমিক ৬০ কিলোমিটার চার লেন করার ঠিকাদার নিয়োগ দেওয়া হয় এমবিইসি-পিবিএলকে (যৌথ)। তাদের সঙ্গে চুক্তি হয় প্রায় ২৮৪ কোটি টাকার। রায়মণি থেকে ময়মনসিংহ পর্যন্ত বাকি ২৭ দশমিক ৩৩ কিলোমিটারের কাজ পেয়েছে এসইএল-টিওএমএ (যৌথ)। তাদের সঙ্গে চুক্তি হয় ২৬৬ কোটি টাকার।