দিনের শুরুটা বাংলাদেশের, শেষটা নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড দলে তাঁর নাম ‘টু টোজ’। কারণ বাঁ পায়ে মাত্র দুটি আঙুল। তেরো বছর বয়সে এক ট্রাক দুর্ঘটনায় পায়ের পাতা থেঁতলে গিয়েছিল। তিনটি আঙুল কেটে ফেলতে হয়। আবার ঠিকমতো হাঁটতে দুই মাস সময় লাগে। তিন মাসের মধ্যেই আবার ফেরেন ক্রিকেট মাঠে। মার্টিন গাপটিল।আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও দেখেননি কোনো দিন। হতদরিদ্র পরিবারে ক্রিকেট মানে তো বিলাসিতা। প্রকৃতিদত্ত একটা ক্ষমতা ছিল জোরে বল করার। বন্ধুদের উত্সাহেই নাম লেখান পেসার হান্টে। সেখান থেকে দেখতে না-দেখতেই আন্তর্জাতিক ক্রিকেটে। রুবেল হোসেন।দুজনের গল্প দুই রকম। কিন্তু উজানস্রোতে সাঁতরে জয়ী হওয়ার মিল তো আছেই। দুজনকে মিলিয়ে দিল হ্যামিল্টন টেস্টের প্রথম দিনও।মার্টিন গাপটিল: অপরাজিত ৮০, ১৫৪ বল, ১১টি চার। রুবেল হোসেন: ১৬-০-৮৬-৩।টেস্ট ক্রিকেটে ৮০ রান এমন কোনো ব্যাপার নয়, ৩ উইকেটও না। কিন্তু ২৫৮ রান আর ৫ উইকেটের দিনে? কোনটিকে এগিয়ে রাখবেন—নিউজিল্যান্ডকে ৪ উইকেটে ১২৬ বানিয়ে দেওয়া ৩ উইকেট, নাকি ৬৬ রানে ৩ উইকেট পড়ার পর নেমে দিন শেষে অপরাজিত ৮০? এ যেন পাহাড় ভালো না সমুদ্র—এমন প্রশ্ন। একেকজন একেকটা বলবে, শেষ পর্যন্ত ফলাফলে সমতা।মার্টিন গাপটিল বনাম রুবেল হোসেন যেমন সমতা, সমতা বৃষ্টি আর আলোর অভাবে মাত্র ৬৮.১ ওভারের প্রথম দিনেও। আর একটি উইকেট তুলে নিতে পারলেই বলা যেত বাংলাদেশ জয়ী। ওই একটি উইকেটই হয়তো খুলে দিত আরও উইকেটের দরজা। নিউজিল্যান্ডের বোলারদের যে পেয়ে যেত বাংলাদেশ।পেতে দেননি মার্টিন গাপটিল আর ব্রেন্ডন ম্যাককালাম। লাঞ্চের পর সোয়া ঘণ্টার মধ্যে ৫ উইকেটে ১৫৮ যখন ‘এক দিন, স্বপ্নের দিন’ সুর ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের মনে, তখনই দাঁড়িয়ে গেলেন তাঁরা দুজন। এখন পর্যন্ত ঠিক এক শ রানের জুটি। ম্যাককালাম ম্যাককালামের মতো খেলেই ৫৮ রানে অপরাজিত। আবহাওয়ার পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে হ্যামিল্টনের ঘুম ভেঙেছে ঝিরিঝিরি বৃষ্টিতে। খেলা শুরু হয়েছে এক ঘণ্টা পর। মেঘলা আকাশের নিচে মহাগুরুত্বপূর্ণ টসটা জিতে সাকিব আল হাসান বললেন, পাঁচ দিন অনেক লম্বা সময়। বেশি দূরে না ভেবে তাঁর দল চিন্তা করছে প্রতিটি বল, প্রতিটি ঘণ্টা, প্রতিটি সেশন জেতা নিয়ে। সাকিবের সাক্ষাত্কারটা নিলেন এই মাঠেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার নায়ক। ২০০১-এর ডিসেম্বরে টানা দুই দিন বৃষ্টির পর তৃতীয় দিন খেলা শুরু হতে না-হতেই ৪ উইকেটে ৫১। সেখান থেকে ৯ উইকেটে ৩৬৫ রান তুলে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা করতে পারায় সবচেয়ে বড় ভূমিকা ছিল মার্ক রিচার্ডসনের ১৪৩-এর। ইনিংসে হারা সেই টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। আট বছর পর এই মাঠে দুদলের দ্বিতীয় টেস্টে তা-ই। নিউজিল্যান্ডকে ৭৩ রান তুলতে দিয়ে বাংলাদেশের ৩ উইকেট। রুবেল ও শফিউল প্রায় প্রতি বলেই ছুঁলেন ১৪০ কিলোমিটারের কাঁটা। রুবেল কখনো কখনো ১৪৫-ও। টেস্টে এমন যুগলবন্দী এর আগে আর শোনেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানের একজনের এখানে অভিষেক, একজনের মাত্র দ্বিতীয় টেস্ট, সবচেয়ে অভিজ্ঞজনের অভিজ্ঞতা ১০ টেস্টের। অভিজ্ঞতার বিপরীত সমানুপাতিক হারে রান করলেন তাঁরা তিনজন!একাদশ টেস্টের টিম ম্যাকিন্টোশ ৭ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ। দ্বিতীয় টেস্টের ওয়াটলিং প্রথম স্লিপে। অভিষিক্ত পিটার ইনগ্রাম শর্ট বলে পুল করতে গিয়ে ওয়াইডিশ মিড-অনের হাতে। ষষ্ঠ ওভারে প্রথম ধাক্কাটা শফিউলের। পরের দুটি উইকেটই নিলেন রুবেল। এর পরেরটিও। নিউজিল্যান্ডের এই অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপে রস টেলরের ২২ টেস্টের অভিজ্ঞতাই বিশাল কিছু। এই সিরিজের আগেই সহ-অধিনায়ক হয়েছেন, ভেট্টোরির বিদায়ের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবেও তাঁর নামই উড়ছে বাতাসে। লাঞ্চের পরপরই শাহাদাতের এক ওভারে তিনটি চার মেরে রণভেরি বাজালেন। সেটি থামল উইকেটের পেছনে মুশফিকুর রহিমের দারুণ এক ডাইভিং ক্যাচে। রুবেলের দ্বিতীয় স্পেলের প্রথম ওভার। টেলরের উইকেটের পর বোলিং বিশ্লেষণ: ৬.৫-০-৩২-৩।পরের বলেই আরেকটি উইকেট প্রায় পেয়েই গিয়েছিলেন। পেলেন না ভেট্টোরির প্যাড অফ স্টাম্পের সামান্য বাইরে থাকায়। রুবেল বুঝতে পারেননি, উইকেটের পেছন থেকে মুশফিকুরেরও মনে হয়েছিল আউট। যে কারণে আম্পায়ার না করে দেওয়ার পরও রেফারেল চাইলেন সাকিব। যাতে ৩৩তম ওভারের মধ্যেই বাংলাদেশের রেফারেল-অধ্যায়ের সমাপ্তি। প্রথমটি নষ্ট হয়েছে গাপটিলের প্যাডে ব্যাট লাগার শব্দকে মুশফিকুর ব্যাটে-বলের শব্দ বলে ভুল করায়।শফিউলের পরপর তিন ওভারে নিউজিল্যান্ডের কানের পাশ দিয়ে যাওয়া গুলির প্রথমটি ওই রেফারেল। পরের ওভারে গাপটিল ফিরতি ক্যাচ দিয়েছিলেন, ফলো থ্রুতে থাকা শফিউল জমাতে পারেননি হাতে। পারলে ৪ রানে ফিরে যান গাপটিল, নিউজিল্যান্ডের ইনিংসও কালই শেষ হয়ে যায়। নিউজিল্যান্ডের কানের পাশ দিয়ে গুলি নম্বর তিন: টপ এজ হয়ে যাওয়া রস টেলরের হুক অল্পের জন্য ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তামিম ইকবালের নাগাল এড়ানো। তামিম একটু দেরিতে প্রতিক্রিয়া না দেখালে হয়তো এড়াত না।রুবেল-শফিউল যদি আলো হন, অন্ধকারের নাম শাহাদাত। হাঁটি হাঁটি পা পা দুই পেসার-সঙ্গীকে যেখানে পথ দেখানোর কথা, উল্টো এলোমেলো বোলিং করে চাপটা আলগা করে দেওয়ার কাজটাই করে গেলেন প্রায় সারা দিন। কিউই ব্যাটসম্যানদের চাপে রাখার কাজটা সবচেয়ে ভালো করলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের উইকেটে টার্ন থাকবে না স্বাভাবিক, তার পরও সাকিব দুর্দান্ত। ২০ ওভারে মাত্র ৩৪ রান, ফ্লাইটে বোকা বানিয়ে ভেট্টোরিকে বোল্ড।গাপটিল-রুবেল সমতা, প্রথম দিনে দুদলের অবস্থাতেও। দুই অলরাউন্ডারের লড়াইয়ের প্রথম রাউন্ড কিন্তু এগিয়ে দিল একজনকে। সাকিব আল হাসান ১-ড্যানিয়েল ভেট্টোরি ০!