দিমা নেফারতিতির ‘সূর্যপ্রণাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ পাঠিকা দিমা নেফারতিতির আবৃত্তির চতুর্থ অ্যালবাম ‘সূর্যপ্রণাম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানে সূর্যপ্রণাম প্রসঙ্গে দিমা নেফারতিতি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ, ভারত ও বাংলা ভাষার কবি নন। পৃথিবীর মহত্তম এবং চিরকালের আধুনিক একজন কবি রবীন্দ্রনাথ। আমাদের সৌভাগ্য তিনি আমাদের ভাষাতেই জন্মগ্রহণ করেছেন। তাঁর সার্ধশত জন্মবর্ষে তাঁরই কবিতার একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে।’মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর শিল্পী তাঁর সূর্যপ্রণাম অ্যালবাম থেকে চারটি কবিতা আবৃত্তি করে শোনান। এ সময় এস্রাজ বাজান অসিত বিশ্বাস। সূর্যপ্রণাম আবৃত্তির সংকলনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম-প্রকৃতি-মানবতা বিষয়ে নির্বাচিত ১২টি কবিতা রয়েছে। কবিতাগুচ্ছ যথাক্রমে—খোয়াই, বিষ্টি পড়ে টাপুর টুপুর, চুম্বন, সাধারণ মেয়ে, অনন্ত প্রেম, বর্ষার দিনে, দুঃসময়, পথের বাঁধন, এক গাঁয়ে, বাঁশীওয়ালা, শেষের কবিতা ও কান পেতে রই। "সূর্যপ্রণাম অ্যালবামটি গ্রন্থনা করেছেন দিমা নেফারতিতি। সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায় এবং সম্পাদনা করেছেন পুলক বড়ুয়া।নেফারতিতির প্রথম আবৃত্তির অ্যালবাম ‘অরণ্য ও মেঘের কাছে’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর ‘শুধু একবার তোমাকে ছোঁব’ ২০০৭ সালে ও ‘বৃষ্টি চিহ্নিত ভালবাসা’ ২০০৯ সালে প্রকাশিত হয়।