দিরাইর গোচারণভূমি এখন মশার আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিরাই পৌর শহরের আরামবাগ, মজলিশপুর ও পশ্চিম কলেজ রোড আবাসিক এলাকার বাসিন্দারা মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, মজলিশপুরের ৪৮ একর গোচারণভূমিতে কচুরিপানা দীর্ঘদিন পরিষ্কার না করায় প্রতিনিয়ত মশা বংশবিস্তার করছে।মজলিশপুরের বাসিন্দা কৃষক দয়াময় দাস (৭০) বলেন, ‘আমরা পুরুবেলা (ছোটকালে) দেকছি বাবা কাকা ওই মাঠো আমরার গরু-বাচুর লইয়া আইতা। ইকানো বেশি বেশি ঘাস অইত, হারাদিন গরু ইকানো তাকত, হাইঞ্জাবেলা (সন্ধ্যায়) আইয়া আমরা গরু বারিত লইয়া যাইতামগি। অনে চাইরবায় সরক অইয়া ইকানো হারা বছরঅই পানি তাকে। জারমুনির পনা (কচুরিপানা) ইলাকান অইছে অনে বোঝাই যায় না ইকানো এক সময় মাঠ আছিল, ইকানো গরু-ছাগল ঘাস খাইত। অনে আমরার গরুরে ঘাস খাওয়াইবার যাগা নাই।’কলেজ রোডের বাসিন্দা কবি নজরুল ইসলাম বলেন, ‘বিশাল এ মাঠটির অনেক জায়গা মসজিদ-মন্দিরসহ বিভিন্ন নামে দখল হয়ে গেছে। এভাবে পড়ে তাকলে কয়েক বছর পরে মাঠটির অস্তিত্বই তাকবে না। যেভাবে এ মাঠটির চতুর্দিকে সড়ক হয়েছে যদি কচুরিপানা পরিষ্কার করে এখানে মত্স্য খামার, পোলট্রি ফার্ম ও সবজি বাগান করা হতো, তাহলে কয়েক শ লোকের কর্মসংস্থান হতো। আমাদের সম্পদ আছে, কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সম্পদ কাজে লাগানো যাচ্ছে না।’পৌর কাউন্সিলর হিরেন্দ্র দেবনাথ বলেন, ‘এ মাঠে প্রায় ১২ হাল (৪৮ একর) জমি আছে। এটা মজলিশপুরের গোচারণভূমি হিসেবে পরিচিত। এখানে একসময় গরু-ছাগল চরত। বর্তমানে চারদিকে সড়ক হয়ে সব সময় এখানে পানি জমে থাকে। এ ছাড়া ইতিমধ্যে দুই একর জায়গা শ্রীরামকৃষ্ণ মন্দির, দুই একর শ্মশানঘাট ও কিছু জায়গা নতুন মসজিদের জন্য স্থানীয় ব্যক্তিরা বরাদ্দ দিয়েছেন। বাকি জায়গা কচুরিপানায় ভরে গেছে। যদি কচুরিপানা পরিষ্কার করে এখানে মত্স্য খামার করা যেত, তাহলেও অনেকের বেকারত্ব দূর হতো।’মজলিশপুরের বাসিন্দা আবদুস সালাম (৬৫) বলেন, ‘মাঠটিতে জমে থাকা কচুরিপানার জন্য দিনের বেলাই আমাদের বাসায় মশার কয়েল জ্বালাতে হয়। মসজিদে মশার কামরের জন্য নামাজ আদায় করা যায় না।’পৌর মেয়র হাজী আহমদ মিয়া বলেন, ‘এ গোচারণভূমি নিয়ে মজলিশপুর এবং ভরারগঁয়ের বাসিন্দাদের মধ্যে মামলা চলছে। তাই কচুরিপানা পরিষ্কার করা যাচ্ছে না।’