দিরাইয়ে বেড়েছে মদ-জুয়া-চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিভিন্ন হাটবাজার, গ্রামাঞ্চলে মদ-জুয়া ও চুরি-ডাকাতি বেড়ে গেছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার, সেরপুর, সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী, রামনগর, দিরাই পৌরশহরের মজলিশপুর, হারানপুর, শাল্লা রোড বাসস্টেশন, দিরাই কলেজগেটে নিয়মিত জুয়া ও মদের আসর বসে। এর পাশাপাশি উপজেলার সীমান্তবর্তী দিরাই শাল্লার সংযোগস্থল শ্যামরচর বাজার, দৌলতপুর, উজানগাঁও মাউতিসহ উপজেলার সর্বত্র চুরি-ডাকাতিও বাড়ছে। শ্যামার চরের হরমুজ আলী (৮০) বলেন, আমাদের এলাকায় প্রতি রাতে গরু ও নৌকা চুরি হয়ে হয়। আর রাতে চলে শ্যামার চর বাজারের আশপাশের এলাকায় জুয়া ও মদের আসর। শ্যামারচর নৌ-পুলিশ ফাঁড়ির আশপাশে এসব অপরাধ সংঘটিত হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, এলাকায় মদ-জুয়া বেড়েছে। কিন্তু পুলিশ নীরব।তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিকুর রেজা বলেন, আমার ইউনিয়নের ধল বাজারে প্রকাশ্যে মদ-জুয়ার আসর বসে। দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অধিকাংশ মানুষ বর্তমানে বেকার। তাই তারা মদ-জুয়ার দিকে ঝুঁকে পড়ছে। আমি উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করেছি। দিরাই কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী বলেন, কলেজের গেট দখল করে আছে ভাসমান দোকানিরা। রাতে এখানে জুয়া ও মদের আসর বসে। প্রশাসনকে জানানোর পরও কোনো কাজ হয়নি।উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, দিরাইয়ে সর্বত্র চুরি বাড়ছে। রায় বাঙ্গালী গ্রামে প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া। চিহ্নিত সন্ত্রাসী ও চোরেরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। দিরাই শহরেও প্রতি রাতে চুরি হয়। ওদের খুঁটির জোর কোথায়? আমি উপজেলা সমন্বয় সভায় বারবার বিষয়টি উত্তাপন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমি পৌরশহরের চারটি মদের আস্তানা ভেঙে দিয়েছি। রাতে টহল জোরদার করেছি, কলেজগেটের অবৈধ আস্তানা অচিরেই ভেঙে ফেলা হবে।স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পৌরসদরে চুরি, দিনদুপুরে নৌ-ডাকাতি, মাদকাসক্তি বৃদ্ধিতে আমি উদ্বিগ্ন। উপজেলা আইনশৃঙ্খলার সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে সতর্ক হতে নির্দেশ দিয়েছি।