দিরাইয়ে সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ নেই
দিরাইয়ে কোনো উচ্চবিদ্যালয় ও কলেজ সরকারিকরণ করা হয়নি। ফলে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি মাধ্যমিক, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি কলেজ রয়েছে। শতাধিক বছরের পুরোনো বিদ্যালয় থাকলেও এখানে নেই কোনো সরকারি বিদ্যালয়। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতেই রয়েছে শিক্ষক, আসবাব ও শ্রেণীকক্ষের সংকট। কোনো বিদ্যালয়েই এখনো কম্পিউটার বিভাগ চালু হয়নি। অনেক বিদ্যালয়ে অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে কম্পিউটার। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে মানসম্মত শিক্ষা থেকে। উপজেলার সাকিতপুরের নজরুল ইসলাম বলেন, ‘আগে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া হতো। এখন আর সে পরিবেশ নেই। এখন শিক্ষকেরা কোচিং সেন্টার নিয়ে বেশি ব্যস্ত। এখন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস হয় না। কোনো কোনো বিদ্যালয়ে নামেমাত্র হয়। ফলে আমাদের ছেলেমেয়েরা এসএসসি পাস করে শহরের ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে না।’ দিরাই উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, ‘দিরাইয়ে অনেক বড় বড় নেতার জন্ম হলেও কেউই শিক্ষার উন্নয়নে এগিয়ে আসেননি। আমি একজন শিক্ষক হিসেবে উপজেলায় কোনো সরকারি উচ্চবিদ্যালয় নেই—বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না।’ সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি যখন দিরাই উপজেলার চেয়ারম্যান ছিলাম, তখন তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ দিরাই আসার কর্মসূচি দিয়েছিলেন এবং আমাকে আশ্বাস দিয়েছিলেন, ওই দিন দিরাই বালিকা বিদ্যালয় ও দিরাই উচ্চবিদ্যালয় সরকারিকরণের পাশাপাশি দিরাই কলেজে বড় অনুদানের ঘোষণা দেবেন।’স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শুধু বক্তৃতা দিয়ে কোনো স্কুল-কলেজ সরকারিকরণ করা যায় না। এতে সরকারের নিয়মনীতি আছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, প্রতি উপজেলায় একটি করে উচ্চবিদ্যালয় সরকারিকরণ করা হবে। আমার বিশ্বাস, ভাটি অঞ্চল অগ্রাধিকার ভিত্তিতে এর সুফল পাবে।’