দিলমা হুসেফ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দিলমা হুসেফ। দ্বিতীয় দফা নির্বাচন শেষে আজ সোমবার ব্রাজিলের নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার পছন্দের প্রার্থী ছিলেন। খবর বিবিসি অনলাইনের।ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা এক ঘোষণায় জানিয়েছে, নির্বাচনের প্রদত্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষে হুসেফ পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির জোসে সেরা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।এদিকে নির্বাচিত হওয়ার পর হুসেফ জানিয়েছেন, ব্রাজিলের জনগণ তাঁকে নির্বাচিত করে তাঁর ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি অভিভূত। এ মুহূর্তে ব্রাজিলের সোয়া দুই কোটি মানুষকে দারিদ্র্যের অভিশাপ থেকে রক্ষা করাই তাঁর প্রথম কাজ হবে বলে তিনি জানান।বিজয় আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে হুসেফের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। তারা নেচে-গেয়ে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্টকে অভিনন্দিত করে।৬২ বছর বয়স্ক ঝানু আমলা হুসেফ সত্তরের দশকে সামরিক শাসন চলাকালে কারা নির্যাতন ভোগ করেন। তখন তিনি একটি গেরিলা গোষ্ঠীর হয়ে কাজ করতেন।তবে দ্বিতীয় দফা নির্বাচনে জিতলেও গত ৩ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে হুসেফ অবশ্য ৫০ শতাংশ ভোট পাননি। তিনি সে সময় পেয়েছিলেন ৪৭ শতাংশ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী সেরার অর্জন ছিল ৩৩ শতাংশ ভোট।—বিবিসি