দিলশান-সাঙ্গাকারার সঙ্গে দাঁড়িয়ে গেল শিশিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়া কাপে সবচেয়ে বড় চমক কী হবে, জানেন? না, ভারত বা শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের ফাইনালে উঠে যাওয়া নয়। টসে জিতে কোনো অধিনায়কের প্রথমেই বোলিংয়ের কাজটা সেরে না ফেলা!ঢাকার এই শীতার্ত জানুয়ারিতে পরে বোলিং করা মানেই যে বোলারদের ব্যাটসম্যানের চেয়েও বড় প্রতিপক্ষের সামনে পড়ে যাওয়া। প্রতিপক্ষের নাম? শিশির!কাচঘেরা প্রেসবক্স কনকনে হাওয়া-কুয়াশা-শিশির এসব প্রাকৃতিক ‘উপহার’ থেকে মুক্ত। তবে সেখান থেকে বেরিয়ে পেছনের বারান্দামতো জায়গাটায় দাঁড়ালেই কাঁপন, টুপটাপ শিশির ঝরে পড়ার শব্দ। কুয়াশায় ঝাপসা হয়ে যাওয়া প্রেসবক্সের কাচ বলে দিচ্ছিল মাঠের অবস্থাটা। মাঠে একটু পর পর বোলারদের পকেট থেকে বেরোনো রুমাল আর বিরতির সময় মাঠকর্মীদের লম্বা চট টেনে শিশির মুছে ফেলার চেষ্টা আরও ভালো করে বুঝিয়ে দিল—ডব্লু জি গ্রেসের টস-তত্ত্ব এই আইডিয়া কাপে একদমই ভালো ‘আইডিয়া’ বলে বিবেচিত হবে না।ক্রিকেটের অমর বুড়োর সেই তত্ত্ব হলো—টসে জিতলে প্রথমে ব্যাটিং করো, সন্দেহ থাকলে একটু ভেবে তারপর ব্যাটিং করো। কালকের অভিজ্ঞতার পর এই ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোয় অধিনায়কেরা নির্দ্বিধায় ‘ব্যাটিং’য়ের জায়গায় ‘বোলিং’ বসিয়ে নেবেন।কিন্তু বাংলাদেশের ২৬০ রানের চ্যালেঞ্জ যে শ্রীলঙ্কা এমন ফুঁ মেরে উড়িয়ে দিল, সেটি কি শুধুই শিশিরের কল্যাণে? বলা কঠিন। ওয়ানডেতে তিন শ রানও অনেক দিনই ছেলেখেলা। তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাদের ব্যাটকেও কি আমরা কি শিশিরভেজা রাত, কি প্রখর রোদের দুপুরে এমনই ঝলসে উঠতে দেখিনি!হ্যাঁ, কাল রাতে শিশির একটু উপকারেই এসেছে তাঁদের। আনকোরা দুই পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশের মূল ভরসা স্পিন আর শিশিরে বল গ্রিপ করতে বেশি সমস্যাও স্পিনারদেরই। এই স্পিনে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ জয় করে এসেছে বাংলাদেশ। সেটি শুধু বাংলাদেশের স্পিনারদেরই কৃতিত্ব নয়, স্পিনকে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জুজু জ্ঞান করাটারও বড় ভূমিকা তাতে। আইডিয়া কাপ হবে সেটির পুরো বিপরীত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত—স্পিনের বিপক্ষে বিশ্বসেরা ব্যাটসম্যানদের দুই দল। শিশির এবং শ্রীলঙ্কান ব্যাটসম্যান—এই দুই যুগল প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়েছে বলেই উইকেটশূন্য থাকার পরও ১০ ওভারে রাজ্জাকের ৩৭ ও সাকিবের ৪৩ রান দেওয়াটাকেও মানতে হবে বড় কৃতিত্ব বলে।দিন শেষে অবশ্য সবই অর্থহীন। মূল কারণ অবশ্যই তিলকরত্নে দিলশান, গত কিছুদিনে পেস-স্পিনে যাঁর কিছু আসছে-যাচ্ছে না। টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি সবখানেই ঝলসাচ্ছে তাঁর ব্যাট। এ জন্য বাংলাদেশের কাছে তাঁর ঋণও আছে। গত বছর জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ১৬২ ও ১৪৩ রানের ইনিংস দুটিতেই পুনরুজ্জীবন তাঁর ওয়ানডে ক্যারিয়ারের। এরপর থেকেই তাঁর ব্যাটে রানের প্লাবণ, দিলস্কুপ-টুপ মেরে বিখ্যাত হয়ে যাওয়া। ২০০৯ সালটা স্বপ্নের মতো কাটানোর পর ২০১০টাও শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। ওয়ানডেতে তাঁর ষষ্ঠ, বাংলাদেশের বিপক্ষে প্রথম।সেঞ্চুরি একঝটকায় একটা ইনিংসকে ওপরে তুলে দেয়, নইলে দিলশানের ১২২ বলে ১০৪ রানের ইনিংসটার চেয়েও সাঙ্গাকারার ৭৩ বলে ৭৪-ই ব্যাটসম্যানশিপের বেশি জয়গান গাইল কি না, এ নিয়ে তর্ক হতেই পারত।বাংলাদেশের ইনিংসে সেই সমস্যা নেই। সেখানে পার্শ্বনায়ক খুঁজতে চাইলে তামিম-মুশফিকুর-মাহমুদউল্লাহকে নিয়ে ভাবতে পারেন। নায়ক অবিসংবাদিতভাবে মোহাম্মদ আশরাফুল। ৬৫ রানের উদ্বোধনী জুটির পর ৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলা বাংলাদেশকে টেনে নিলেন তিনিই। সঙ্গী পেলেন মুশফিকুর ও মাহমুদউল্লাহকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দ্বিতীয়বারের মতো আড়াই শ (কালকের ২৬০ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, সর্বোচ্চ ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে ২৬৫/৯) পার করার কৃতিত্বটা অবশ্য নাঈম ইসলামের প্রাপ্য। মাত্র ৯ বলে অপরাজিত ২২, এর ২০-ই নিয়েছেন লাকমলের শেষ ওভারে। ৪৯তম ওভারে রানআউট হওয়ার আগে আশরাফুল ৯৪ বলে ৭৫। চার মাত্র ৬টি, এর ৩টিই ৭৭ বলে ফিফটি করার পর। ৩৭তম বলে প্রথম চার মারাটাকে ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট দেখলাম খুবই বিস্ময়ের ব্যাপার হিসেবে দেখিয়েছে। গত কিছুদিন সিডন্সের পরীক্ষাগারে আশরাফুলের ব্যাটিং যে ‘গিনিপিগ’ সেজেছে, সে খোঁজখবর যাঁরা রাখেন তাঁরা অবশ্যই এতে বিস্ময়ের কিছু দেখবেন না। মাঝখানে স্টান্সে দাঁড়াতেন ব্যাট উঁচু করে, কাল আবার দেখা গেল প্রথাগত রূপে ফিরতে। শেষ পর্যন্ত আশরাফুল নিজের ব্যাটিংটা বুঝতে পারলেই মঙ্গল। মাঝখানে বাংলাদেশ যে পথ হারিয়ে ফেলেছিল, সেটির জন্য তামিমকে কাঠগড়ায় তুলতেই পারেন। আগের ওভারেই ওপেনিং সঙ্গীকে হারানোর পর মিড অফের ওপর দিয়ে তুলে মারতে যাওয়াটা দায়িত্বজ্ঞানহীনতার পর্যায়েই পড়ে। আর সাকিব, সাকিব কী করলেন? সাকিব সচরাচর যা করেন, তা-ই করেছেন। এমন কাট খেলে অনেক রান পেয়েছেন, কিন্তু ভাগ্য যে সব সময় তাঁর বন্ধু হয়ে থাকতে রাজি নয়—এটা বুঝিয়ে দিতেই কাল থার্ডম্যানে ক্যাচ। পরে দিলশানের যে রিটার্ন ক্যাচটা লাফিয়ে বাঁ হাতে জমাতে পারলেন না, সেটিও কি তাঁকে দিয়ে গেল একই বার্তা?চিরদিন কারও সমান নাহি যায়!