দিলশানের প্রাপ্তি-অপ্রাপ্তি
এত কাছে গিয়েও জুটির বিশ্ব রেকর্ডটা হলো না উপুল থারাঙ্গা আউট হয়ে যাওয়ায়। নিজে ১৪৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে গিয়ে শুনলেন ১ রানের জন্য ছুঁতে পারেননি বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ইনিংসটা, ১৯৯৬ থেকেই যেটা অরবিন্দ ডি সিলভার হয়ে আছে। যাঁর দুর্দান্ত ক্যাচে হ্যাটট্রিকের সুযোগ এল, সেই জয়াবর্ধনেই বল হাতে জমাতে না পারায় হলো না হ্যাটট্রিক। মাত্র ৩ ওভার বোলিং করে ৪ উইকেট নিলেন, ৫ উইকেট নেওয়ার সুযোগই থাকল না। সেঞ্চুরি ও ৪ উইকেট হলেও হলো না সেঞ্চুরি ও ৫ উইকেটের অবিস্মরণীয় কীর্তি। পরশুর ম্যাচটিকে তিলকরত্নে দিলশানের জন্য কী বলা যায়, প্রাপ্তি না অপ্রাপ্তির ম্যাচ?মনের হদিস তো আর পাওয়া যায় না। কথায় অন্তত দিলশান ব্যাটিংয়ের মতোই পজিটিভ। অপ্রাপ্তিকে পাত্তাই দিলেন না। হ্যাটট্রিক না হওয়া নিয়ে তাঁর কথা, ‘ক্যাচ ড্রপ হতেই পারে। ভুলে যাবেন না আগের বলে মাহেলা দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছে বলেই সুযোগটা এসেছিল। আমার আক্ষেপ নেই। নিজের জন্য খেলি না, দল জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা।’‘নিজের জন্য খেলি না’ কথাটা ক্রিকেটারদের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত কথা। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর উদ্যাপনটা তাহলে এমন বন্য হলো যে! এই উদ্যাপনের মাঝে অনেকে খুঁজে পেয়েছেন আগের দিন ছড়িয়ে পড়া ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার গুজবের জবাব। শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার শুরুতেই বলে দিয়েছিলেন ওই গুজব-সংক্রান্ত কোনো প্রশ্ন করা যাবে না। তাঁর রক্তচক্ষুকে অবলীলায় উপেক্ষা করে ঠিকই প্রসঙ্গটা টেনে আনলেন স্বদেশি এক সাংবাদিক। ওই সাংবাদিকেরই বা কী দোষ, এমন পিলে চমকানো গুজব, পরদিনই এমন অসাধারণ পারফরম্যান্স—প্রতিবেদনের জন্য এর চেয়ে চমৎকার গল্প আর কী হতে পারে!‘নো আইডিয়া। আপনি কী বলছেন, আমি জানি না। কোথাও এমন কিছু দেখিনি বা পড়িনি’—দিলশান তাহলে এই গুজবের খবর জানতেনই না! ‘গুজবের জবাব পারফরম্যান্সে’ গল্পটার তাই অপমৃত্যু! কিন্তু অমন উদ্যাপন? ‘অনেক দিন ধরে শুরুটাকে বড় ইনিংসে রূপ দিতে পারছিলাম না। থিতু হয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছি। এ জন্যই হয়তো...।’সেঞ্চুরির পরও এগিয়েছেন অনেক। আউট হয়েছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৬০ থেকে ১৬ রান দূরে। তবে বল হাতে কিন্তু ঠিকই দেখিয়েছেন ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স। ওয়ানডেতে দিলশানের চেয়ে কম রানে ৪ উইকেট আছে শুধু দুই ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশ (৪.৩-৩-১-৫) ও এখন আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্সের (১০-৮-৩-৪)। ওয়ালশ ছিলেন নিপাট বোলার, সিমন্স অলরাউন্ডার। কিন্তু দিলশান কি কখনো ভাবতে পেরেছিলেন, কোনো একদিন তাঁর বোলিং বিশ্লেষণ হবে ৩-১-৪-৪! নিজের ওপর দেখা গেল তাঁর অগাধ আস্থা। মাঠের পারফরম্যান্সে যেমন দিয়েছেন, মুখেও অধিনায়ককে একটা বার্তা দিয়ে রাখলেন, ‘বোলিংটা আমি খুবই উপভোগ করি। আজ (পরশু) আমাদের স্পিনার ছিল মাত্র একজন, তাই জানতাম বোলিং পাব। ভালো করতে পারায় ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে আরও বেশি বোলিং পাব।’নিয়মিত বোলিং না পেয়েও ওয়ানডেতে তিনবার ৪ উইকেট হয়ে গেল, ব্যাটিং তো আছেই। প্রয়োজনে পারেন উইকেটকিপিংও, আন্তর্জাতিক ম্যাচে করেছেনও। আবার শুধু দলের নয়, বিশ্বের সেরা ফিল্ডারদের একজন। এমন কিছু কি আছে, যা দিলশান পারেন না? লাজুক ‘সুপারম্যানে’র নিচু স্বরে উত্তর, ‘আমি এটা কী করে বলব!’ঠিকই তো। পারফরম্যান্সই যখন কথা বলছে, মুখে বলার কি খুব প্রয়োজন আছে!