১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা ও ২০০ মেগাওয়াট বিদ্যুত্ রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত ও চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত। আর জানুয়ারিতে দিল্লিতে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।গতকাল ভুটানের রাজধানীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ অভিমত প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। থিম্পুর সার্ক ভিলেজের ইন্ডিয়া হাউসে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা সৌজন্য বৈঠক করেন।এদিকে আগামী জুনে অনুষ্ঠেয় নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধসংক্রান্ত কমিটির (সিডও) নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। শেখ হাসিনা এ ব্যাপারে ভারতের সমর্থন চাইলে তাতে ইতিবাচক সাড়া দেন মনমোহন সিং।আগামী ২৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হয়েছেন বেলজিয়ামের রাষ্ট্রদূত ইসমত জাহান।বৈঠক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী। মনমোহন সিং শেখ হাসিনাকে জানিয়েছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে খসড়া দেওয়া হয়েছে, তা চূড়ান্ত করার কাজ চলছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বলে আশ্বস্ত করেছেন যে নিকট-প্রতিবেশী দেশের গণতন্ত্র বিকাশে তাঁর দেশের সমর্থন অব্যাহত থাকবে। দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের বর্তমান অবস্থার ব্যাপারে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের কল্যাণে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে।মনমোহন সিং দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণাকে সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক কর্মপরিকল্পনা হিসেবে অভিহিত করেন।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফর করতে পারেন বলে আভাস দিয়েছেন।বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।