ভারতের রাজধানী নয়াদিল্লির হাইকোর্টের অভ্যর্থনাকক্ষে গতকাল বুধবার শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে ই-মেইল বার্তা পাঠিয়েছে। ই-মেইলে হুজি জানিয়েছে, ২০০১ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলার দায়ে আফজাল গুরুর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা না হলে এ ধরনের হামলা আরও চালানো হবে। তবে ই-মেইল বার্তাটি সত্যিই হুজির কি না, তা তদন্ত করছে ভারত সরকার। হুজি এর আগেও ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেন, সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের একটি ফটকের পাশের অভ্যর্থনাকক্ষে ওই হামলার ঘটনা ঘটে। তখন আদালতের ভেতরে প্রবেশের জন্য অভ্যর্থনাকেন্দ্রে কয়েক শ লোক অবস্থান করছিল। হাইকোর্টের ৫ নম্বর ফটকসংলগ্ন ওই অভ্যর্থনাকেন্দ্রের কাউন্টারের পাশেই বিস্ফোরকভর্তি একটি ব্রিফকেস রাখা ছিল।প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রাজেশ গুপ্ত বলেন, হামলার সময় ঘটনাস্থলে কমপক্ষে ২০০ লোক ছিল। হামলার দায় স্বীকারকারী হুজি সোভিয়েতবিরোধী আফগান যুদ্ধের সময় জন্মলাভ করে। এটি বর্তমানে পাকিস্তানভিত্তিক একটি আঞ্চলিক জঙ্গিগোষ্ঠী। ২০০৫ সালে বাংলাদেশে সংগঠনটির কার্যকলাপ নিষিদ্ধ করা হয়।হামলার পর ধারণকৃত টেলিভিশনের ফুটেজে দেখা যায়, আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করছে। কেউ কেউ আদালতের প্রধান ফটক দিয়ে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছে। বোমা বিস্ফোরণের স্থানে তিন থেকে চার ফুট গর্ত তৈরি হয়। এর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ ও নথিপত্র। হামলার সময় আদালতে প্রবেশের জন্য অভ্যর্থনাকেন্দ্রের কাউন্টারের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন দক্ষিণ দিল্লির সরোজিনী নগর এলাকার বাসিন্দা অনিল কুমার। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিকট শব্দে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমি ছিটকে পড়ি। স্বয়ং ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন।’ হামলার সময় আদালতের ভেতরে অবস্থান করা আইনজীবী এম আই চৌধুরী বলেন, বিস্ফোরণের শব্দের তীব্রতা এতই বেশি ছিল যে এতে তাঁর চেম্বারের জানালার কাচগুলোও ভেঙে চুরমার হয়ে গেছে।এমন একসময় এ হামলা চালানো হলো, যখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন। হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মনমোহন বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের চাপের কাছে ভারত কখনো হার মানবে না। আমরা এ হামলার বিহিত করব।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউ কে বানশাল জানান, দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) ধর্মেন্দ্র কুমার ও বিশেষ সেলের যুগ্ম কমিশনার আর এস কৃষ্ণানিয়াহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার পর রাজ্যসভার কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়। চলতি বছরে এটি ভারতের হাইকোর্টে দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত ২৫ মে হাইকোর্টের পার্কিং এলাকায় একটি ব্যর্থ গাড়িবোমা হামলা চালানো হয়। এএফপি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।শেখ হাসিনার নিন্দা: ভারতের রাজধানী নয়াদিল্লির হাইকোর্টে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ঘটনাকে জঘন্যতম কাজ আখ্যায়িত করে বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডই অগ্রহণযোগ্য, অপরাধমূলক ও অযৌক্তিক; তা এর উদ্দেশ্য যা-ই হোক না কেন। প্রধানমন্ত্রী বাংলাদেশি জনগণের পক্ষে হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।