দিল্লি হাইকোর্টে বোমার বিস্ফোরণ, নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লি হাইকোর্টের পাঁচ নম্বর ফটকের সামনে এক শক্তিশালী বিস্ফোরণে আজ বুধবার কমপক্ষে ১১ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী মনমোহন সিং হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলা। তিনি এ অবস্থায় দেশের সব দলকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। বিরোধীদলীয় নেতা এল কে আদভানি ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহবান জানিয়েছেন।আজ বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের অভ্যর্থনা কক্ষে একটি ব্রিফকেসে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। তবে হামলার সঙ্গে কারা জড়িত তাত্ক্ষণিকভাবে জানা যায়নি বলে পুলিশের মুখপাত্র মোহাম্মদ আখহালাক দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন।স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানান, ধারণা করা হচ্ছে, একটি ব্রিফকেসে এই বিস্ফোরক ছিল। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা ইউ কে বানসালের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘটনাস্থল বর্তমানে আশঙ্কামুক্ত। একই সঙ্গে দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আর এ সতর্কতার জন্য যা যা করণীয়, তা করা হবে। এদিকে এ ঘটনায় রাজ্যসভা বেলা দুইটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকোর্ট এলাকায় রয়েছে পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়।দিল্লি পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। চলতি বছরের ২৫ মে হাইকোর্ট ভবন এলাকায় গাড়ি পার্কিংয়ের জায়গায় আরেকটি বিস্ফোরণ ঘটেছিল।