দিল্লিতে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের একজন কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলার ছয়জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে একজন কিশোর ছিল। দিল্লির জুভেনাইল জাস্টিস বোর্ড আজ সোমবার এই রায় দিয়েছেন। বোর্ডের বিচারকেরা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা যাবে না।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, আদালতে উপস্থিত একজন আইনজীবী জানান, ওই অভিযুক্ত কিশোর যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিল, সেই বিদ্যালয়ের কর্তাব্যক্তিরা আদালতে তার বিষয়ে বিভিন্ন নথিপত্র দাখিল করেন। সেগুলো যাচাই করে আদালত দেখতে পান, ঘটনার সময় সে প্রাপ্তবয়স্ক ছিল না। পরে আদালত এ রায় ঘোষণা করেন। গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক মেডিকেল-ছাত্রী। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী ওই ছাত্রীর ওপর বর্বরতা ৪৫ মিনিট স্থায়ী হয়। হামলাকারী ছিল মোট ছয়জন। সবাই তাঁকে ধর্ষণ করে। তারা ওই ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে মারধরও করে। পরে দুজনকেই বাস থেকে ফেলে দেওয়া হয়। বর্বর ওই হামলায় আহত ছাত্রীটি চিকিত্সাধীন অবস্থায় দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তারা সবাই পুলিশের কাছে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবার ডিএনএ পরীক্ষায়ও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।ওই ঘটনার পর নারীর সুরক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে রাস্তায় নামে জনতা। পরে সরকার এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে পাঁচটি দ্রুত বিচার আদালত গঠন করে।