দিল্লিতে ধর্ষণবিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিপেটা
চলন্ত বাসে প্যারামেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবারের বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটাও করা হয়।দ্য ডনের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা নয়াদিল্লির প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেটের বাইরে এসে জড়ো হয়। তাঁরা ভারতজুড়ে নারীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘আমরা ন্যায়বিচার চাই’ স্লোগানে নয়াদিল্লির রাজপথ প্রকম্পিত করে রাখে। এ সময় পুলিশের ওপর ফুলদানি ও সৌন্দর্যবর্ধনকারী বেশ কিছু উপকরণ ছুড়ে মারে তারা। গণধর্ষণের ঘটনার পর থেকে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছে ভারত সরকার। বিক্ষোভকারীদের চাপে গতকাল শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে ধর্ষণে অভিযুক্ত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশি নিরাপত্তা জোরদারেরও আশ্বাস দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাজ কুমার সিং বলেন, ‘ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী শিক্ষার্থীর চিকিত্সা ব্যয় বহন করবে সরকার।’ গত রোববার মাতাল অবস্থায় চলন্ত বাসে ওই শিক্ষার্থী ও তাঁর ২৮ বছর বয়সী ছেলেবন্ধুকে মারধর করে ছয়জন যুবক এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এর পর তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর বন্ধুসহ তাঁকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগ্রাসী যৌন আচরণ, আইনকে তোয়াক্কা না করা এবং বিচারিক ব্যবস্থার দুর্বলতা ১৯ কোটি মানুষের শহর দিল্লিতে ধর্ষণ বা এ ধরনের হামলার ঘটনা বাড়ছে।