দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্লাস্টিকের তৈরি পলিথিন ব্যাগ উত্পাদন, মজুদ ও ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।গতকাল মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত সাংবাদিকদের তাঁর সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পাতলা বা মোটা—যেকোনো ধরনের প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হবে। তবে ওভেনে ব্যবহূত প্লাস্টিকের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি বলেন, প্লাস্টিকের ব্যাগ নালা-নর্দমায় জমে পানিপ্রবাহের পথ আটকে দেয়। এতে পরিবেশ দূষিত হয়।সরকারের এই প্রজ্ঞাপন জারি হলে যেকোনো ধরনের পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের নির্মিত নিমন্ত্রণ বা শুভেচ্ছা কার্ডের ব্যবহারও নিষিদ্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে শাস্তির বিষয়ে শিল্প বিভাগ ও দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী জানান।সরকারি এক বিবৃতিতে বলা হয়, ব্যবসায়ী, দোকানদার, পাইকারি বা খুচরা বিক্রেতা, হকার—কেউ প্লাস্টিকের ব্যাগে কোনো জিনিস সংরক্ষণ বা বহন করতে পারবেন না। ১৯৯৮ সালের একটি আইনের অধীনে জারি করা এই প্রজ্ঞাপনটি প্লাস্টিক ব্যাগ ব্যবহারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সরকারি একজন কর্মকর্তা। এর আগেও ৪০ মাইক্রনের চেয়ে কম মোটা প্লাস্টিক নির্মিত ব্যাগ উত্পাদন, মজুদ, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছিল।