দিল্লিতে পাকিস্তানি গোয়েন্দা আটক!
দিল্লির পুলিশ আজ মঙ্গলবার গুপ্তচর সন্দেহে পাকিস্তানের এক ব্যক্তিকে আটক করেছে। তারা ধারণা করছে, তিনি ২০ বছর ধরে ভারতে বাস করছেন এবং ভারতের সামরিক বাহিনীর গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠাচ্ছেন।দিল্লি পুলিশের অপরাধবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা অশোক চাঁদের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়, গোয়েন্দা সন্দেহে আটক ৩৯ বছর বয়সী কামরান আকবর ১৯৯২ সাল থেকে কলকাতাতে বাস করছেন। আকবর তিন বছর আগে কলকাতার স্থানীয় এক নারীকে বিয়ে করেন। গত ১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লির রেলস্টেশন থেকে পুলিশের অপরাধবিষয়ক দল তাঁকে আটক করে।খবরে আরও বলা হয়, আকবর সামরিক বাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য এবং দলিলাদি সংগ্রহের জন্য সম্প্রতি দিল্লিতে আসেন। তিনি এগুলো সংগ্রহ করে পাকিস্তান পাঠানোর চেষ্টা করছিলেন। দলিলাদি সংগ্রহ করে কলকাতাতে ফেরার পথে ট্রেন থেকে আকবরকে আটক করা হয়। করাচি থেকে আসা আকবরের কাছ থেকে সংবেদনশীল অনেক সামরিক দলিলাদি জব্দ করা হয়েছে বলে জানান চাঁদ।আকবর ১৯৯২ সালে কলকাতাতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সেখানেই থেকে যান। তিনি তাঁর আত্মীয়দের সঙ্গে ভারতের গোয়া রাজ্যের দুটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। ১৯৯৬ সালে তিনি মুক্তি পান। মুক্তি পেয়ে আকবর কলকাতাতে চলে আসেন এবং আসিফ হোসেন ছদ্মনামে ভারতীয় পাসপোর্ট করিয়ে নেন বলে উল্লেখ করেন চাঁদ।অশোক চাঁদ আরও বলেন, আকবর এক মাসের ভিসা নিয়ে ১৯৯৭ সালের জুলাই মাসে পাকিস্তানে যান। পাকিস্তান গোয়েন্দা সংস্থা তাঁর সম্পর্কে বিস্তারিত জেনে তাঁদের স্বার্থে আকবরকে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন চাঁদ।