দিল্লিতে রামদেব গ্রেপ্তার
ভারতের যোগগুরু রামদেবকে আজ সোমবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কালোটাকা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আজ সকালে ভারতের পার্লামেন্টের বাইরে প্রতিবাদী অবস্থান নেওয়ার ঘোষণা দেন রামদেব। রামলীলা ময়দান থেকে প্রায় ২০ হাজার সমর্থক নিয়ে পার্লামেন্টের দিকে যাওয়ার সময় রঞ্জিত সিং ফ্লাইওভারের কাছে তাঁদের থামিয়ে দেয় দিল্লি পুলিশ। একপর্যায়ে রামদেবকে গ্রেপ্তার করা হয়। এ সময় রামদেব তাঁর সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে গতকাল রোববার সময়সীমা দিয়েছিলেন রামদেব। গতকাল সন্ধ্যার মধ্যে এ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে কোনো ঘোষণা না আসায় আজ সকালে নতুন আন্দোলনের ডাক দেন তিনি। সকালে রামদেব তাঁর সমর্থকদের পরবর্তী আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাঁরা পার্লামেন্টের দিকে যাত্রা করে ভবনের বাইরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে নিজের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হওয়ার আহ্বান জানান রামদেব। তিনি আশা করেন, পুলিশও তাঁদের সহযোগিতা করবে। তবে পার্লামেন্টের দিকে যাত্রার অনুমতি দিতে অস্বীকৃতি জানায় সরকার।দাবি আদায়ের লক্ষ্যে রামদেব গতকাল চতুর্থ দিনের মতো রামলীলা ময়দানে অনশন করেন। রামদেবের দাবি ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তাতে যোগ দেন টিম আন্না হাজারের অন্যতম প্রধান সদস্য কিরণ বেদি।