দিল্লিতে শিশু ধর্ষণের অভিযোগে আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আজ সোমবার আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপ নামের এই ব্যক্তিকে বিহার রাজ্যের দ্বারভাঙ্গা জেলা থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লি ও বিহারের পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।এর আগে গত শনিবার বিহারের মুজাফফরপুর এলাকা থেকে মনোজ কুমার শাহ নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই ঘটনায় প্রদীপের জড়িত থাকার তথ্য দিয়েছেন মনোজ। ওই তথ্যের ভিত্তিতে আজ প্রদীপকে গ্রেপ্তার করা হয়।মনোজের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নয়াদিল্লির নিম্ন-মধ্যবিত্ত-অধ্যুষিত একটি এলাকায় শিশুটিকে দুই দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন মনোজ ও প্রদীপ। ধর্ষণের পর অপরাধ চাপা দিতে শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। শিশুটি মারা গেছে ভেবে তাঁরা বিহারে পালিয়ে যান।গতকাল রোববার ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থার ‘উন্নতি’ হচ্ছে বলে শহরের শীর্ষ সরকারি হাসপাতালের চিকিত্সকেরা জানান। শিশুটিকে ধর্ষণের প্রতিবাদে নয়াদিল্লিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের একটি দল গতকাল পতাকা ও পোস্টার নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়। আরেকটি দল হাসপাতালের সামনে অবস্থান নেয়।