দিল্লিতে সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী শীত
ভারতের দিল্লিতে একটানা তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪০ বছরের মধ্যে এ বছর দিল্লিতে একটানা তীব্র শীত পড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত টানা নয় দিন ধরেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৬ এবং সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১১ সালের ৪ জানুয়ারি এমন শীত পড়েছিল, যা ছয় দিন স্থায়ী ছিল। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কখনোই ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। এর আগের বছরগুলোর তাপমাত্রার সঙ্গে এ বছরের তাপমাত্রার তুলনামূলক মূল্যায়ন করে দেখা গেছে, এবারই সবচেয়ে বেশি একটানা তীব্র শীত পড়েছে।