দিল্লিতে ‘শাপমোচন’ করবে পল্লবী
গান্ধর্ব সৌরসেন ইন্দ্রের নৃত্যসভায় মৃদঙ্গ বাদন করছেন। তাঁর প্রেয়সী মধুশ্রী গেছেন সুমেরুশিখরে। বিরহে তিনি উন্মনা। ফলে তাল কেটে গেল বাদনে। ব্যাহত হলো উর্বশীর নৃত্যছন্দে। অতঃপর যা হওয়ার তাই। ইন্দ্র শাপ দিলেন সৌরসেনকে, ভোগ করতে হবে সাজা। তাঁকে জন্মাতে হবে মানবকুলে। গান্ধার রাজগৃহে অরুণেশ্বর নামে জন্ম হলো তাঁর কদাকার দেহশ্রী নিয়ে।ওদিকে, মধুশ্রী কেঁদে আকুল হলেন ইন্দ্রের পদপ্রান্তে। তাঁর আর্তিতে দেবরাজ বললেন, তুমিও যাও মর্তে। সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। পাপের ক্ষয় করে ফিরে পাবে প্রিয়তমকে। পূর্বস্মৃতিবিস্মৃত মধুশ্রী কমলিকা নামে জন্মালেন মদ্ররাজকুলে। এ নিয়েই রবীন্দ্রনাথের শাপমোচন নৃত্যনাট্যোর কাহিনি।এ নৃত্যনাট্যটি ৫ এপ্রিল দিল্লিতে পরিবেশন করবে ঢাকার নৃত্য সংগঠন পল্লবী ড্যান্স সেন্টার।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে যে বছরব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়েছে, তারই অংশ হিসেবে দিল্লিতে এ নৃত্যনাট্যটি করতে যাচ্ছে পল্লবী। এ জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মুনিরা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদল আজ ৩ এপ্রিল দিল্লি যাত্রা করছে।শাপমোচন নৃত্যনাট্যের নির্দেশনা, পরিকল্পনা ও পোশাক পরিকল্পনা করেছেন পল্লবীর পরিচালক মিনু হক। মঞ্চসজ্জায় আইরিন পারভীন। অভিনয় করেছেন: মালবিকা চরিত্রে কস্তুরি মুখার্জি, অরুণেশ্বর অনিক বসু, সৌরসেন শহিদুল ইসলাম, মধুশ্রী সালমা বেগম, ইন্দ্র নূরে আলম, ইন্দ্রাণী মৈত্রী সরকার, রাজা তোফায়েল আহমেদ এবং উর্বশী চরিত্রে স্মীতা দে। অন্যান্য চরিত্রে সুব্রতকুমার দাশ, মুনমুন বিশ্বাস, রুম্পা বিশ্বাস, ঐন্দ্রিলা চক্রবর্তী, আতাউল ফাতেমা, নাজনীন আলম ও অন্তু মজুমদার। কণ্ঠসংগীতে মিতা হক, বুলবুল ইসলাম ও অনিমা রায়। সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।উচ্চাঙ্গসংগীত সম্মেলনসাধারণ শ্রোতাদের মধ্যে উচ্চাঙ্গসংগীতের জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের উচ্চাঙ্গসংগীত সম্মেলন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের আয়োজনে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আজ সন্ধ্যায় এর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী ওস্তাদ মতিউল হক খান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংগীতজ্ঞ অমরেশ রায় চৌধুরী।সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত চর্চা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী সুজিত মোস্তফা। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উপস্থিত ছিলেন আমানুল হক, ইউসুফ খান, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, রিনাত ফৌজিয়া, মুনমুন আহমেদ, অসিত কুমার দে, তামান্না রহমান প্রমুখ।শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা ইয়াসিন আলী হাওলাদার জানান, আজ সম্মেলনের প্রথম দিন সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান, তাবাসসুম আহমেদ, বেলায়েত হোসেন খান, বেনজীর সালাম ও ওয়ার্দা রিহাব। সংগীত পরিবেশন করবেন ফকির সাইদুল ইসলাম, পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, জগদানন্দ রায়, প্রিয়াঙ্কা গোপ, অসিত কুমার দে ও স্বর্ণময় চক্রবর্তী। যন্ত্রসংগীত পরিবেশন করবেন রিনাত ফৌজিয়া, নিশিত দে, শিউলী ভট্টাচার্য, ওস্তাদ মদন গোপাল দাস, ইফতেখার আলম প্রমুখ। আগামীকাল এবং পরশু একই স্থানে কণ্ঠ ও যন্ত্রে উচ্চাঙ্গসংগীত ও নৃত্য পরিবেশন করবেন দেশের প্রতিষ্ঠিত শিল্পীরা।কাল থেকে পদাতিকের নাট্যোৎসবকাল বুধবার থেকে শুরু হচ্ছে পদাতিকের (টিএসসি) ছয় দিনব্যাপী নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ছয়টায় নাট্যোৎসবের উদ্বোধন হবে। এবারের উৎসবে দেশের প্রথম সারির ১১টি নাট্যদল ও ভারতের একটি দল অংশ নিচ্ছে।গতকাল সোমবার একাডেমীর জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবের সমাপনী দিনে নাট্যক্ষেত্রে অবদান রাখার জন্য সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা দেওয়া হবে। এ বছর এই পদক পাচ্ছেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার এবং নাট্যনির্দেশক ও চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। উৎসবের সমাপনী দিন ৯ এপ্রিল তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারক তুলে দেবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।সংবাদ সম্মেলনে পদাতিক নাট্য সংসদের সহসভাপতি মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম সামাদ, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।