দিল্লির ওই ধর্ষকদের বয়কট করলেন আইনজীবীরা
ভারতের একটি আদালতের সব আইনজীবী সম্প্রতি সংঘটিত গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার রাজধানী নয়াদিল্লির দক্ষিণে সাকেট জেলার আড়াই হাজার আইনজীবী এ সিদ্ধান্ত নেন। ‘দ্য ডন’ জানায়, সাকেট জেলার ওই আদালতে আগামীকাল বৃহস্পতিবার থেকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হওয়ার কথা। পুলিশ এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে এক হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করবে বলে জানা গেছে। সাকেট জেলা বার কাউন্সিলের সদস্য ও আইনজীবী সঞ্জয় কুমার একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, বারের কোনো আইনজীবী গণধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে কাজ করবেন না। তাঁদের পক্ষে লড়াই করা অনৈতিক কাজ হবে।’ তিনি আরও বলেন, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার জন্য সব আইনজীবী এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৬ ডিসেম্বরের ওই গণধর্ষণের ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হতে পারে। প্রসিকিউটর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ চাইতে পারেন। অপর অভিযুক্তের বিরুদ্ধে কিশোর আদালতে মামলা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, সে ১৭ বছরের কিশোর। তবে তার বয়স নির্ধারণের জন্য কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেল-ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ১০ দিন চিকিত্সার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৯ ডিসেম্বর স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটায় মারা যান তিনি। ৩০ ডিসেম্বর রোববার ভোরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।২০০৮ সালেও ভারতের আইনজীবীরা মুম্বাই হামলার ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে সরকার তাঁর পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেয়।