দিল্লির ধর্ষণকাণ্ডে অভিযোগপত্র দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ দিল্লিতে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যুর দুই দিন পর আজ সোমবার এক হাজার পৃষ্ঠার অভিযোগপত্র পেশ করেছে পুলিশ। রাজ্য সরকার আজ ঘোষণা করেছে, ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ লাখ রুপি দেওয়া হবে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘দ্য হিন্দু’কে বলেন, ১৬ ডিসেম্বরের ঘটনার অভিযোগপত্রে ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগপত্রটি আইন বিশেষজ্ঞরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন। আগামী বৃহস্পতিবার এটি আদালতে উপস্থাপনের কথা রয়েছে।ওই পুলিশ কর্মকর্তা বলেন, দক্ষিণ দিল্লির সাকেতের একটি আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হবে। অভিযোগপত্রে ওই ছাত্রীর চিকিৎসা, তাঁকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া এবং এরপর তাঁর মৃত্যুসহ সব বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই শিক্ষার্থীর পরিবারকে ১৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ারও প্রস্তাব করা হয়েছে বৈঠকে।গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালে ১০ দিন চিকিত্সার পরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি।