দিল্লির ধর্ষণের রুদ্ধদ্বার বিচারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের রুদ্ধদ্বার বিচারের নির্দেশ দিয়েছেন দিল্লির আদালত। আজ সোমবার মামলার শুনানিকালে বিপুলসংখ্যক সাংবাদিক, আইনজীবী, নিরাপত্তাকর্মী ও শ্রোতার উপস্থিতির কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হলে আদালত এ নির্দেশ দেন। অনুমতি ছাড়া মামলাসংক্রান্ত খবর পরিবেশনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।রুদ্ধদ্বার বিচার বা ইন-ক্যামেরা প্রোসিডিংয়ের ক্ষেত্রে বিচারক, বাদী-আসামি ও তাঁদের আইনজীবীরা ছাড়া অন্য কেউ আদালতকক্ষে উপস্থিত থাকতে পারেন না। দিল্লির মহানগর হাকিম নমৃতা আগারওয়াল বলেন, ‘দুপুর ১২টার দিকে আদালতের ২০৭ নম্বর কক্ষে বিচারকাজ শুরু হলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন আইনজীবী ও ব্যক্তিরা ওই কক্ষে ভিড় জমাতে থাকেন। এতে এক অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব হয়। এখানে-ওখানে গুঞ্জনের ফলে তীব্র কোলাহলের সৃষ্টি হয়।’ তিনি বলেন, ‘ওই অবস্থায় মামলার কাজ চালানো যাচ্ছিল না। এ কারণে আমি রুদ্ধদ্বার বিচারকাজ চালানোর নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশ ছাড়া কোনো কিছু ছাপানো বা গণমাধ্যমে প্রচার করা যাবে না।’ধারণা করা হচ্ছে, মামলাটি বিশেষ আদালতে স্থানান্তর করা হবে। মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ১৯ থেকে ৩৫ বছর বয়সী অভিযুক্ত পাঁচজনের ডিএনএ টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড হতে পারে। নয়াদিল্লির তিহার কেন্দ্রীয় কারাগারে তাঁরা আটক আছেন। ষষ্ঠ অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাঁর মামলা চলবে কিশোর আদালতে।গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক প্যারামেডিকেল-শিক্ষার্থী। পরে তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে ২৯ ডিসেম্বর মারা যান ওই শিক্ষার্থী। এ ঘটনা ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।