দিল্লির পর ত্রিপুরায় গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত রোববার চলন্ত বাসে প্যারামেডিকেলের ছাত্রীকে ধর্ষণ করে ছয় যুবক। এ নিয়ে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ চলছে দিল্লিসহ সারা ভারতে। এর রেশ না কাটতেই ত্রিপুরা রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে রাজ্যের বিশালগড় এলাকায় এ নির্মমতার শিকার হন এক গৃহিণী।আগারতলা পুলিশের একজন কর্মকর্তা আজ শনিবার জানান, ৩৭ বছর বয়সী ওই গৃহিণীকে বিবস্ত্র করে প্রকাশ্যে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাঁকে বিবস্ত্র অবস্থায় বর্বরোচিত আঘাত করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ ঘটনার পর আক্রান্ত নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাত্ক্ষণিকভাবে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে চালায়। এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্তসহ আরও তিনজন এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে অনেক নারী-পুরুষের সামনে ধর্ষণ করে। তবে পাঁচ বছরের শিশুর মাকে বাঁচাতে এগিয়ে আসার সাহস করেনি কেউই। পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের সময় স্বামীর ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।ত্রিপুরা নারী কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায় এ ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ বর্বরতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে বিশালগড়ে স্থানীয়দের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে।