দিল্লির বোমা হামলার দায় স্বীকার ইন্ডিয়ান মুজাহিদিনের
ভারতের রাজধানী নয়াদিল্লির হাইকোর্টের অভ্যর্থনা কক্ষে বোমা বিস্ফোরণের দায় এবার স্বীকার করল ইন্ডিয়ান মুজাহিদিন (এমআই)। এ জঙ্গি সংগঠনটি বিভিন্ন গণমাধ্যমের মুম্বাই এবং দিল্লি কার্যালয়ে পাঠানো এক ই-মেইল বার্তায় এ কথা স্বীকার করে। বার্তায় একটি শপিং মলে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২ টা ৩৭ মিনিটে '[email protected]'—নামের ই-মেইল অ্যাকাউন্ট থেকে এই বার্তা পাঠানো হয়। বার্তায় দাবি করা হয় এ হামলার পেছনে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) কোনো ভূমিকা নেই। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়। বুধবারে হাইকোর্টে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মামলা থাকে বিধায় ওই দিন হাইকোর্ট এলাকা ব্যস্ত থাকে। তাই এ দিনই হামলা চালানো হয়েছে বলে ই-মেইলে দাবি করে ইন্ডিয়ান মুজাহিদিন।ভারতের স্বরাষ্ট্রসচিব এস কে বানসাল বলেন, ‘গণমাধ্যমে পাওয়া ই-মেইল বার্তাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এর সত্যতা ও যথার্থতা যাচাই করা হবে।ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, ই-মেইল বার্তাটি সঠিক না দুষ্টামি করে (শুধু অনিষ্ট করতে পাঠানো হয়েছে) পাঠানো হয়েছে তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।এর আগে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) হামলার দায় স্বীকার করে দুটি টেলিভিশন চ্যানেলকে ই-মেইল বার্তা পাঠিয়েছিল। গতকালের ওই শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬২ জন আহত হয়।এদিকে বোমা বিস্ফোরণের ঘটনার তথ্য দেওয়ার জন্য পাঁচ লাখ রুপির ঘোষণা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।নয়াদিল্লির হাইকোর্টের অভ্যর্থনা কক্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় আজ বৃহস্পতিবার তিনজনকে আটক করা হয় বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার শহর থেকে তাদের আটক করা হয়। এঁদের মধ্যে ‘গ্লোবাল ইন্টারনেট ক্যাফ’ নামের সাইবার ক্যাফের একজন মালিকও রয়েছেন। দেশটির পুলিশ সূত্র জানায়, কিশতওয়ারের মালিক মার্কেটের ওই সাইবার ক্যাফের মালিক খাজা মেহমুদ আজিজ ও তাঁর ভাই খালিদ আজিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, পুলিশের ধারণা ওই ক্যাফে থেকেই ই-মেইলটি করা হয়েছিল। ই-মেইলে হুজি জানিয়েছে, ২০০১ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলার দায়ে আফজাল গুরুর মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করা না হলে এ ধরনের হামলা আরও চালানো হবে। তবে ই-মেইল বার্তাটি সত্যিই হুজির কি না, তা তদন্ত করছে ভারত সরকার। হুজি এর আগেও ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেন, গতকাল সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের একটি ফটকের পাশের অভ্যর্থনা কক্ষে ওই হামলার ঘটনা ঘটে। তখন আদালতের ভেতরে প্রবেশের জন্য অভ্যর্থনা কেন্দ্রে কয়েক শ লোক অবস্থান করছিল। হাইকোর্টের ৫ নম্বর ফটকসংলগ্ন ওই অভ্যর্থনা কেন্দ্রের কাউন্টারের পাশেই বিস্ফোরকভর্তি একটি ব্রিফকেস রাখা ছিল।