দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দুর্গম নাড়াইছড়ির ছাদকছড়ায় পার্বত্য শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষ দলের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।প্রায় দুই ঘণ্টার এ বন্দুকযুদ্ধের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কিছু জানাতে পারেনি। ঘটনার পর ওই এলাকায় বিজিবি অভিযান শুরু করে এবং তা আজ শনিবারও চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাড়াইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে ছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ছাদকছড়া এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়ে চলে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত। তখন এলাকার স্থানীয় একটি সূত্র চারজন নিহত হওয়ার খবর জানালেও আইনশৃঙ্খলা বাহিনী এর সত্যতা নিশ্চিত করেনি। তবে ইউপিডিএফের দীঘিনালা ইউনিট প্রধান উদয় চাকমা বন্দুকযুদ্ধের ঘটনা অস্বীকার করে বলেন, নাড়াইছড়ি এলাকায় এমন কিছু ঘটেনি। বিজিবির লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল হাসান বলেন, জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ঘটনার পরপর বিজিবি নাড়াইছড়ি ক্যাম্প থেকে সেখানে রাতভর অভিযান চালিয়েছে। আজও অভিযান অব্যাহত আছে। তবে হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আবুল আসাদ মো. মাহফুজ বলেন, নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে বন্দুকযুদ্ধ হয়। সেখানে দীর্ঘদিন ধরেই জেএসএস ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে আছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশ যাওয়া সম্ভব হয়নি।