দীঘিনালার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি
খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানকে প্রত্যাহারের দাবিতে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন উপজেলার আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিকেরা। ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। দীঘিনালা উপজেলা ফার্নিচার ও কাঠমিস্ত্রি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানার দাবি, ওসি প্রত্যেক দোকান থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা বলেন। এ পরিমাণ টাকা দেওয়া না হলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন ওসি। তিনি জানান, এর প্রতিবাদে তাঁরা আজ দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞার কাছে স্মারকলিপি দেন। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে দীঘিনালার ওসি বলেন, ‘চাঁদাবাজি করার প্রশ্নই আসে না। আমি আইনের বাইরে কাজ করছি না। আমি যা করছি আইন মোতাবেক করছি।’ ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী ও শ্রমিকেরা ওসির বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি জানান।