দীঘিনালার নাড়াইছড়িতে ফের বন্দুকযুদ্ধ, বিজিবির সদস্য গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।আজ মঙ্গলবার সকালে নাড়াইছড়ির বাঘেইহাট নামক এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে।এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাড়াইছড়ি ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় পথে আমিনুল ইসলাম নামে বিজিবির একজন সদস্য গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ি বাজার থেকে ৮০০ গজ দূরে নোনাকার্বারী পাড়া (বাঘেইহাট) এলাকায় সকাল আটটা থেকে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। এ সময় বিজিবির সদস্য আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, নাড়াইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস সন্তু গ্রুপ ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে ছিল। গত ২০ নভেম্বর দেওয়ানপাড়া নামক এলাকায়, ২৬ জানুয়ারি একই এলাকার দেওয়ানপাড়া কঁইয়াতলী এলাকায় ও ৮ ফেব্রুয়ারি নোনাকার্বারী পাড়া এলাকায় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।ইউপিডিএফের দীঘিনালা ইউনিটপ্রধান উদয় চাকমা বন্দুকযুদ্ধের ঘটনা অস্বীকার করে বলেন, নাড়াইছড়ি এলাকায় ইউপিডিএফের সঙ্গে কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি।খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল আসাদ মো. মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে বিজিবির সদস্য আহত হয়েছেন। তবে নাড়াইছড়ি দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশের যাওয়া সম্ভব হয়নি।