দীঘিনালায় আগুনে পুড়ে গেছে দেড় শতাধিক দোকান
খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া নতুন বাজারে আজ রোববার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হবে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা জানায়, আজ বেলা সোয়া একটায় বাবুছড়া নতুন বাজারে বন্ধ থাকা একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বেই বাজারটি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, ‘আগুন থেকে বাজারের কোন দোকান রক্ষা পায়নি। দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।’