দীঘিনালায় জনসংহতি সমিতির দুই কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের বগাপাড়ার চিত্রসেন কার্বারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকদ্বয় হলেন উপজেলার জামতলী গ্রামের সুশীল ত্রিপুরা (২৫) ও ছাতকছড়ার বারিজা চাকমা (২৮)। তাঁরা বগাপাড়া এলাকায় সংগঠনের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সমর্থকদের দায়ী করা হয়েছে। পুলিশ বলেছে, সংগঠনের দুটি অংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বলেন, নিহত যুবকেরা বগাপাড়া এলাকায় সংগঠনের পক্ষে অর্থ আদায়ের দায়িত্বে ছিলেন। এ ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে কেউ সহযোগিতা করছে না। এ ঘটনায় থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সুশীল ত্রিপুরা ও বারিজা চাকমা বগাপাড়া গ্রামের ভাস্কর চাকমার বাড়িতে রাতে থাকতেন। গতকাল ভোরে একদল অস্ত্রধারী যুবক গাড়িতে করে ভাস্কর চাকমার বাড়িতে গিয়ে তাঁদের খুঁজতে থাকে। একপর্যায়ে সুশীল ও বারিজা দৌড়ে পালানোর সময় তাঁদের ধরে ফেলে অস্ত্রধারীরা। দুজনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। সুশীল ত্রিপুরার বাবা জনাধন ত্রিপুরা বলেন, ছেলে জেএসএসের সঙ্গে জড়িত ছিল। গত শুক্রবার সংগঠনের সভা আছে বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। ভোরে জানতে পারি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মামলা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তা হয়তো সংগঠনই করবে। বাড়িতে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। বারিজা চাকমার স্ত্রী কর্ণফুলী চাকমা বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ও পাহাড়ি ছাত্র পরিষদ এক বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে দায়ী করেছে।খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, জনসংহতি সমিতির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।উল্লেখ্য, গত ১০ এপ্রিল জনসংহতি সমিতির একাংশের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের ভাঙন প্রকাশ্য রূপ নেয়। ওই দিন উপজেলার বড়াদম উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মী সম্মেলন ও রুদ্ধদার বৈঠকের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (মানবেন্দ্র নারায়ণ লারমা বা এমএন লারমা) নামে একটি নতুন আঞ্চলিক রাজনৈতিক দল ঘোষণা করা হয়।