দীঘিনালায় ফের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে গত শুক্রবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে আবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি পক্ষের জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে পৌনে দুই ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় দুই পক্ষের চারজন নিহত হয়েছে বলে স্থানীয় লোকজন শুনেছেন। তবে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কারও হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি। ঘটনার পর নাড়াইছড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি বিজিবি ক্যাম্প থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছাদকছড়াপাড়ায় বিকেল সাড়ে পাঁচটা থেকে জেএসএস ও ইউপিডিএফের কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সন্ধ্যা সাতটা ২০ মিনিট পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় চলে। এতে দুই পক্ষের চারজন নিহত হয় বলে স্থানীয় একটি সূত্র দাবি করে। বাবুছড়া ও নাড়াইছড়ি এলাকাবাসী বলেন, জেএসএস ও ইউপিডিএফ কয়েক মাস ধরে নাড়াইছড়িতে মুখোমুখি অবস্থানে রয়েছে। নাড়াইছড়ির পুরো এলাকা মূলত ইউপিডিএফের নিয়ন্ত্রণে। জেএসএস ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইউপিডিএফও চেষ্টা করছে নিয়ন্ত্রণ ধরে রাখতে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত ২০ নভেম্বর নাড়াইছড়ির দেওয়ানপাড়া, ২৬ জানুয়ারি কঁইয়াতলী, ৮ ফেব্রুয়ারি নোনা কার্বারিপাড়ায় এবং ৮ মার্চ বাঘেইহাটে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। যোগাযোগ করা হলে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের প্রধান উদয় চাকমা বন্দুকযুদ্ধের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘নাড়াইছড়িতে ইউপিডিএফের সঙ্গে কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি।’ বিজিবির লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ হওয়ার পরপর নাড়াইছড়ি ক্যাম্পের বিজিবি জওয়ানেরা রাতভর অভিযান চালিয়েছেন। গতকাল শনিবারও অভিযান অব্যাহত ছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এখনো জানা যায়নি।’ খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আবুল আসাদ মো. মাহফুজ বলেন, ‘নাড়াইছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশের যাওয়া সম্ভব হয়নি।’