দীন ইসলামের দুঃসহ নয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্ধকার কনটেইনারের ভেতর থেকে হাত দিয়ে আঘাত করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। দিনের বেলা গরমে শরীর যেন পুড়ে সিদ্ধ হয়ে যাচ্ছিল। প্রচণ্ড তৃষ্ণায় নিজের প্রস্রাব খেয়েছি। তিন দিনের মাথায় সঙ্গী আল আমিনের নিঃশ্বাস বন্ধ হওয়ার পর বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। পাঁচ দিন পর কনটেইনারের দরজায় থাকা রাবারের অংশ ফুটো করার পর কয়েক ফোঁটা বৃষ্টির পানি এসে পড়ে। সেই পানি লুঙ্গিতে চুবিয়ে মুখে দিই। এই কয়েক ফোঁটা পানি আমাকে বাঁচিয়ে রেখেছিল।’নয় দিন কনটেইনারে আটকা পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কাহিনি এভাবে বর্ণনা করলেন বন্দরশ্রমিক দীন ইসলাম। গতকাল শুক্রবার সকালে নগরের পাহাড়তলী বিশ্ব কলোনির বাসার সামনে কথা বলছিলেন তিনি। এ সময়ও তাঁর চোখে-মুখে ছিল আতঙ্কের ছায়া। সিঙ্গাপুর বন্দর থেকে উদ্ধার হওয়ার প্রায় ছয় মাস পর গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সেখান থেকে শুক্রবার সকালে চট্টগ্রামে এসে মা-বাবার আলিঙ্গনে আবদ্ধ হন তিন ভাই, এক বোনের মধ্যে সবার ছোট দীন ইসলাম। মা শাহেদা বেগম ছেলেকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন। গতকাল দুপুরে নিজের হাতে ভাত তুলে দেন ছেলের মুখে। ‘ছেলের জন্য আমার চোখে ঘুম ছিল না। দুই দিন বাসায় না আসার পর আমি বন্দর এলাকায় ঘুরে এসেছি। কিন্তু পাইনি।’গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে কাজ করার ফাঁকে রাতে কনটেইনারের মধ্যে ঘুমিয়ে পড়েন দীন ইসলাম ও মো. আল আমিন। সেদিন রাতেই খালি কনটেইনারটি বন্ধ করে বন্দরের ১৩ নম্বর জেটিতে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে বোঝাই করা হয়। নয় দিন পর গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনাল থেকে দীন ইসলামকে কঙ্কালসার অবস্থায় উদ্ধার করেন বন্দরকর্মীরা। তবে অপর শ্রমিক আল আমিন কনটেইনারের মধ্যে মারা যান। সিঙ্গাপুরেই তাঁকে দাফন করা হয়।এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। গঠন করা হয় চার সদস্যের তদন্ত কমিটি। ওই কমিটির প্রধান বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে দেখেছি, এটি নিছক দুর্ঘটনা। কারণ ইচ্ছা করে সিঙ্গাপুরে যেতে চাইলে তারা খাবার ও পানি সঙ্গে নিত। তবে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য রপ্তানির আগে খালি কনটেইনার যাচাই-বাছাই করাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।’দীন ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাঝি (শ্রমিক সরবরাহকারী) আল আমিনসহ তাঁদের দৈনিক ২৫০ টাকা মজুরি হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। ওই মাঝি অস্থায়ী পাসের মাধ্যমে বন্দরে ঢোকার ব্যবস্থা করেন। বন্দরের একটি খাদ্যশস্যবাহী জাহাজে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন তাঁরা। এরপর বন্দরের ইয়ার্ডের একটি ক্যানটিনে রাতের খাবার খেয়ে একটি কনটেইনারে ঢুকে দরজা টেনে দেন।দীন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুজনে মিলে কনটেইনারে ঢুকে তিন-চারটা স্টিক গাঁজা সেবন করি। এরপর সেখানে ঘুমিয়ে পড়ি। জেগে ওঠার পর দেখি, কনটেইনারের দরজা বাইরে থেকে বন্ধ। বুঝতে পারলাম, ভেতরে আটকা পড়ে গেছি। এ সময় কিছুক্ষণ পর পর কখনো চিৎকার করে কখনো কনটেইনারের দেয়ালে আঘাত করেও কারও সাড়াশব্দ পাইনি।’ তিনি জানান, এক-দুই দিন এভাবে কাটানোর পর মৃত্যুভয় পেয়ে বসে তাঁদের। দীন ইসলাম আল আমিনের কাছে জানতে চান, ‘না খেয়ে কত দিন মানুষ বাঁচতে পারে?’ আল আমিন উত্তর দেন, ‘বড়জোর আড়াই দিন বাঁচতে পারে।’ দীন ইসলাম বলেন, ‘তিন দিনের মাথায় আল আমিন ছোট ছোট শব্দে বলছিল, “আমারে একটু পানি দে। মা, ওমা আমারে পানি দে...।” একটু পরেই আল আমিনের সাড়াশব্দ না পেয়ে দেখি, তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে।’ দীন ইসলাম জানান, আল আমিন মারা যাওয়ার পর মনে ভয় ঢুকে যায় তাঁর। তিনি বলেন, ‘নিজের শরীরে হাত দিয়ে অনুভব করি, শরীরের মাংস কমে যাচ্ছে। হাড্ডির সঙ্গে চামড়া লেগে যাচ্ছে। ভেতরের রুহটা শুধু যায় আর আসে।’সিঙ্গাপুরের পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজটি চার দিন পর সিঙ্গাপুর বন্দরে পৌঁছে। সিঙ্গাপুর বন্দরে পাঁচ দিন পড়ে থাকার পর গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনালে এই কনটেইনারটি একটি লরিতে তোলা হয়। দীন ইসলাম বলেন, ‘হঠাৎ অনুভব করি, কনটেইনারটি নড়াচড়া করছে। কনটেইনার ওঠানামার শব্দ পেয়ে ওই ছিদ্র দিয়ে একজনকে দেখতে পাই। এ সময় বাঁচার শেষ চেষ্টা মনে করে সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করি। কিছুক্ষণ পরই দরজা খুলে আমাকে হাতকড়া পরায় পুলিশ।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কঙ্কালসার দীন ইসলামকে সিঙ্গাপুরের আলেকজান্দ্রা হাসপাতালে ভর্তি করা হয়। মর্গে রাখা হয় আল আমিনের পচে যাওয়া মৃতদেহ। উদ্ধার হলেও মারা যাওয়া শ্রমিক আল আমিনের মৃত্যুর তদন্তের প্রয়োজনে দীন ইসলামকে সিঙ্গাপুরে থাকতে হয়। সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এ কে এম মোহসীন ও দেবী ফরডাইস নামের এক মার্কিন নাগরিকের তত্ত্বাবধানে তাঁর আশ্রয়ের ব্যবস্থা হয়। গত ২৬ সেপ্টেম্বর আল আমিনের মৃত্যুর ঘটনার তদন্ত শেষে দীন ইসলামকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।‘বন্দরে আবার কাজ করার সুযোগ পেলে করবেন?’ এই প্রশ্ন শুনে আঁতকে ওঠেন দীন ইসলাম। তাৎক্ষণিক জবাব তাঁর, ‘না না, অন্য যেকোনো চাকরি হলে হবে। বন্দরে কাজ করতে পারব না। ভয় লাগে।’