দীন মুহাম্মদের শ্যাম্পু স্নানাগার
শ্যাম্পু শব্দটি আজ ইংরেজি ভাষার একেবারে নিজের শব্দের মতো বনে গেছে। শ্যাম্পুর বিজ্ঞাপনে ভর্তি টিভি/পত্রিকা দেখে কিন্তু বোঝার অবকাশ নেই, এই শ্যাম্পুর সঙ্গে শেখ সাহেব আর বাংলার সম্পর্কটা কী? এ সম্পর্কের শুরু আজ থেকে আড়াই শ বছর আগের ভারতবর্ষে।শেখ দীন মুহাম্মদের জন্ম ১৭৫৯ সালে, বাংলা-বিহার-উড়িষ্যার নবাবি তখন মাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ধরাশায়ী। দীন মুহাম্মদের নিবাস ছিল পাটনায়, যা এখন বিহারে। আত্মজীবনী অনুসারে তাঁর পূর্বপুরুষেরা মোগল সম্রাটদের প্রশাসনে কাজ করতেন, আর বাংলার নবাব পরিবারের সঙ্গেও তাঁদের ছিল লতায়-পাতায় আত্মীয়তা। বড় হতে হতে দীন মুহাম্মদ শিখে ফেললেন মোগল আমলের সব রসায়ন বিদ্যা, সাবান, সুগন্ধি, তেল সবকিছু বানানোর কৌশল। সঙ্গে উপরি হিসেবে কিছু চিকিৎসাবিদ্যাও। নবাবি আমলও নেই, দরবারও নেই, তাই দীন মুহাম্মদ যোগ দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজে, শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে। খুব অল্প বয়সেই যোগ দিয়ে তিনি ইঙ্গ-আইরিশ অফিসার ক্যাপ্টেন গড ফ্রি ইভান বেকারের সঙ্গে কাজের সুযোগ পান। ১৭৮২ সালে ক্যাপ্টেন বেকার সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ফিরে যান ব্রিটেনে। দীন মুহাম্মদ তাঁর ক্যাপ্টেনের সঙ্গে চলে আসেন বিলেতে। বেকার পরিবারের সঙ্গেই তিনি ১৭৮৪ সালে চলে যান আয়ারল্যান্ডের কর্কে। ইংরেজি শেখার জন্য ভর্তি হন স্কুলে, সেখানে পরিচয় আইরিশ কিশোরী জেইন ডেলির সঙ্গে। পরে জেইনের পরিবার অমত করায় পালিয়ে গিয়ে বিয়ে করেন পাশের শহরে ১৭৮৬ সালে। তত দিনে দীন মুহাম্মদ খ্রিষ্ট ধর্মে দীক্ষা নিয়েছেন।নানা দেশে ভ্রমণের অভিজ্ঞতাকে নিয়ে দীন মুহাম্মদ ১৭৯৪ সালে The Travels of Dean Mahomet বা দীন মুহাম্মদের সফরনামা নামের বই লেখেন। ভারতবর্ষ নিয়ে ইউরোপে তখন কৌতূহলের কমতি নেই, তাই বইটি বেশ জনপ্রিয়তা পায়।দীন মুহাম্মদের গল্পের পরের অধ্যায় লন্ডনে। ১৮১০ সালে সেখানে মুহাম্মদের পরিবার চলে আসার পরে একটা রেস্তোরাঁ খোলেন দীন মুহাম্মদ। ইংল্যান্ডের প্রথম ভারতীয় খাবার-দাবারের রেস্তোরাঁ, হিন্দুস্তান কফি হাউস নামের এই দোকানটি অবশ্য অল্প দিনেই লোকসানের চোটে বন্ধ হয়ে যায়। লন্ডনে রেস্তোরাঁর ব্যবসায় সাফল্য না পেলেও দীন মুহাম্মদের ভাগ্য ফিরে যায় ব্রাইটনে। ১৮১৪ সালে সপরিবারে এই শহরে বসতি স্থাপনের পর দীন মুহাম্মদ খুলে বসেন তাঁর স্নানাগার। সে সময়কার একটি স্থানীয় পত্রিকায় তাঁর দোকানের বিজ্ঞাপন দেওয়া হয় এভাবে—‘The Indian Medicated Vapour Bath (type of Turkish bath), a cure to many diseases and giving full relief when every thing fails; particularly Rheumatic and paralytic, gout, stiff joints, old sprains, lame less, aches and pains in the joints’.এই সুগন্ধি স্নানাগারে খদ্দেররা পেতেন দীন মুহাম্মদের তৈরি করা মাথার চুলে মাখার তেল, সেই তেল দিয়ে খদ্দেরদের চুলে-মাথায় মালিশ করে দেওয়া হতো। তেল মালিশের এ কাজটাকে হিন্দুস্তানি ভাষায় বলা হতো চ্যাম্পু করা, আর সেই শব্দটিই সাগর পেরিয়ে মুহাম্মদের স্নানাগারে গিয়ে হয়ে যায় শ্যাম্পু। ইংরেজদের কাছে এই শ্যাম্পুর দোকান অভিনব ঠেকেছিল, তাই দীন মুহাম্মদের দোকান Mahomed’s Steam and Vapour Sea Water Medicated Baths ব্যাপক জনপ্রিয়তা পায় ঊনবিংশ শতকের ইংল্যান্ডে। দূর-দূরান্ত থেকে লোকজন কেবল দীন মুহাম্মদের দোকানে শ্যাম্পু করাতে ছুটে আসত। শ্যাম্পু করে রোগবালাই দূর হয়, এই বিশ্বাসে হাসপাতাল থেকে রোগীদের পাঠানো হতো ব্রাইটনে। আর তেল মালিশ করে করেই দীন মুহাম্মদ পেয়ে যান ড. ব্রাইটন খেতাব। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া এই মালিশ-চিকিৎসার সুবাদে খোদ ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের শ্যাম্পু সার্জন হিসেবে মুহাম্মদ নিয়োগ পান। ১৮৫০ এর পরে তেলের বদলে সুগন্ধি সাবান দিয়ে চুল ধোয়ার রীতি চালু হয়, কিন্তু রয়ে যায় শ্যাম্পু নামটি। দীন মুহাম্মদ মারা যান ১৮৫১ সালে, নব্বইয়ের কোঠায় পৌঁছে। জেইনের সঙ্গে দীন মুহাম্মদের সংসারে এসেছিল ছয়টি সন্তান—রোসানা, হেনরি, হোরেশিও, ফ্রেডেরিক, অ্যামেলিয়া ও আর্থার। এর মধ্যে ফ্রেডেরিক বাপের পেশায় যোগ দেন। ফ্রেডেরিকের ছেলে ফ্রেডেরিক হেনরি হোরেশিও আকবর মুহাম্মদ চিকিৎসক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। লন্ডনের গাইস হাসপাতালে কাজ করার সময়ে উচ্চ রক্তচাপের ওপরে গবেষণা করে আবিষ্কার করেন অনেক নতুন তথ্য। দীন মুহাম্মদের কথা ইতিহাস ভুলে যায় ধীরে ধীরে। বিস্মৃতির আড়ালে ১০০ বছর কাটানোর পরে সত্তর ও আশির দশকে আস্তে আস্তে ঐতিহাসিকেরা আবার খুঁজে পান শেখ দীন মুহাম্মদের সেই কাহিনি, বাংলা থেকে ব্রাইটন অবধি এই বঙ্গসন্তানের অভিনব জীবনগাথা। ইংরেজদের ভারতীয় খাবার ধরাতে দীন মুহাম্মদ পারেননি, দেউলিয়া হয়ে গেছিলেন, কিন্তু আজ ২০০ বছর পরে সেই খাবার ছড়িয়ে গেছে সেখানে। আর শ্যাম্পু? শেখ সাহেবের সেই শ্যাম্পুর দোকান থেকে শুরু হওয়া শ্যাম্পু করার ধারা ছড়িয়ে আছে বিশ্বজুড়েই।আর এভাবেই শেষ কিংবা শুরু সেই শেখ সাহেবের গপ্পো...লেখক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। সূত্র: উইকিপিডিয়া ছবি: শেখ দীন মুহাম্মদের রচনা ও বই থেকে নেওয়া।