দীনেশের পরিবারের পাশে দাঁড়াবে সরকার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দীনেশ দাসের পরিবারকে এককালীন ১০ লাখ টাকার আর্থিক অনুদান, তাঁর স্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) চাকরি ও একমাত্র মেয়ে অন্বেষা অথৈকে ভিকারুন নিসা নূন স্কুলে ১০ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। বাসচাপায় দীনেশ দাসকে হত্যার প্রতিবাদে আজ সোমবার বেলা সোয়া একটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন । সকালে ইকবাল সোবহানের নেতৃত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীনেশের স্ত্রী পলি দাসের চাকরির ব্যবস্থা করেন তথ্যমন্ত্রী। আর মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে পলি ঢাকায় ফিরে আসলেই তাঁর হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী জানান। একই সঙ্গে অথৈয়ের স্কুলের বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলা হবে বলে মন্ত্রী জানান।গতকাল রাজধানীর কাকরাইলে বাসের চাপায় নিহত হন দীনেশ দাস।বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে নিরাপদ সড়কের জন্য কঠোর আইন করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কঠোর আইন করতে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।আজকের এ মানববন্ধন কর্মসূচিতে বিএফইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।মানববন্ধন কর্মসূচিতে জানান হয়, সরকারের সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দীনেশের হত্যার প্রতিবাদে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘অত্যন্ত ক্ষুব্ধভাবে একটি জিনিস বলতে চাই, সড়কে একটি মৃত্যু একটি সংসার ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সরকার ক্ষতিগ্রস্তের পক্ষে দাঁড়াচ্ছে না। ঘাতকের পক্ষ অবলম্বন করছে।’ তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ঘাতকের পক্ষ নেবেন না। আর কোনো মানুষ যেন রাস্তায় লাশ না হয়।’ একই সঙ্গে তিনি সাংবাদিক দীনেশের পরিবারের পুনর্বাসনের দাবি জানান।