দীপ শিখায় মেয়েদের আত্মরক্ষার কৌশল
গ্রামের নাম সেগুনবাগিচা। উঁচু-নিচু পাহাড়-টিলার গ্রামটি সেগুনগাছে ভরপুর। তাই গ্রামের নাম সেগুনবাগিচা। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা। এ গ্রামে ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় একটি বালিকা উচ্চবিদ্যালয়। নাম ‘দীপ শিখা গার্লস একাডেমি’। একাডেমির তিন দিকে সবুজগাছে ভরপুর পাহাড় আর অন্যদিকে সড়ক। এরপর আবার পাহাড়। বলা যায়, পাহাড়ের মধ্যেই বিদ্যালয়টির অবস্থান। এই একাডেমিতে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে লেখাপড়া। এরপর বিদ্যালয়ের মাঠে চলে মেয়েদের আত্মরক্ষার কারাতে কুংফুর প্রশিক্ষণ। দুর্গম গ্রামে ছোট মেয়েদের কারাতে কুংফুর প্রশিক্ষণ জেলাব্যাপী সাড়া ফেলে দিয়েছে। এর অন্যতম উদ্যোক্তা হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সায়্যেদ রমজানুল আলম। অনেকটা তাঁর আর্থিক অনুদানেই বিদ্যালয়টি গড়ে ওঠে। ২০ ফেব্রুয়ারি বিকেল তিনটায় গিয়ে দেখা যায়, পাহাড়ের নিচে বিদ্যালয়ের সম্মুখভাগে বিশাল খোলা মাঠে ২০-২৫ জন মেয়ে কারাতে কুংফুর প্রশিক্ষণ নিচ্ছে। এদের সরার পরনে সাদা পোশাক; আর মাঠের চারদিকে মাটিতে গোল হয়ে বসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব দেখছে। বলা যায়, শিখছে। পার্শ্ববর্তী গ্রামের বেশ কিছু নারী-পুরুষও আগ্রহ নিয়ে মাঠে হাজির হয়েছেন। মেয়েদের আত্মরক্ষার এই কৌশল উপভোগ করতে। ২০০৪ সালে ঢাকার ‘বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন’ থেকে ব্ল্যাক বেল্টপ্রাপ্ত প্রশিক্ষক মো. নুুরুল ইসলাম (৫০) মেয়েদের কারাতে কুংফুর প্রশিক্ষণ দিচ্ছেন। নুরুল ইসলাম প্রশিক্ষণ নেন দক্ষিণ কোরিয়ার কারাতে প্রশিক্ষক মি. লিজোসমের কাছ থেকে। মেয়েদের কারাতে প্রশিক্ষণের জন্য রয়েছে ব্ল্যাক বেল্টপ্রাপ্ত আরেক প্রশিক্ষক ইয়াসমিন আকতার (১৯)। দুই প্রশিক্ষক বিকেলে একাধিক দলে ভাগ করে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখান। এদের বেতনভাতা বিদ্যালয় কর্তৃপক্ষ পরিশোধ করে। প্রশিক্ষণ নিতে মেয়েদের কোনো টাকা দিতে হয় না। পোশাকও সরবরাহ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে, ব্যক্তিগত উদ্যোগে। দুর্গম একটি অজগ্রামে ব্যতিক্রমী এ উদ্যোগ সবাইকে হতবাক করে দেয়। মানুষের ভেতরে প্রাণ থাকলে পুরো গ্রামকে জাগিয়ে তোলা যায়—এর জ্বলন্ত প্রমাণ সায়্যেদ রমজানুল আলম। বলতে গেলে তিনি নিজে ঘর থেকে ধরে এনে ঝরে পড়া মেয়েদের বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন। ৮০ শতাংশ মেয়ের বিদ্যালয়ে পরে আসার পোশাকও তিনি কিনে দেন। স্কুলপড়ুয়া মেয়েদের আবার কারাতে কুংফু শেখানোর ব্যবস্থা সত্যিই প্রশংসার দাবি রাখে। সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়ে দেড় কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে সাড়ে নয়টা বেজে যায় ইয়াসমিন সুলতানার (১৩)। ইয়াসমিন ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্রী। বিকেল তিনটা পর্যন্ত শ্রেণীপাঠ শেষ করে ইয়াসমিন পোশাক পাল্টিয়ে নেমে পড়ে মাঠে। উদ্দেশ্য, আত্মরক্ষার কারাতে কুংফু শেখা। এক ঘণ্টার প্রশিক্ষণ শেষ করে ইয়াসমিন প্রথম আলোকে জানায়, ‘এক বছর ধরে এ প্রশিক্ষণ নিচ্ছি। মোটামুটি শেখা হয়ে গেছে। এখন আমার সমবয়সী তিন-চারজন ছেলেকে থামিয়ে দেওয়া কোনো ব্যাপারই না।’ কেন এই প্রশিক্ষণ? জবাবে ইয়াসমিন বলে, ‘পাহাড়ি এলাকা। অনেক দূর থেকে হেঁটে স্কুলে আসতে হয়। পথে দুষ্টু ছেলেদের নানা কটূক্তি শুনতে হয় মেয়েদের। নিরাপত্তার অভাব। এ কারণে এ প্রশিক্ষণ জরুরি মনে করে শিখে নিচ্ছি। আমি মনে করি, সারা দেশের স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের আত্মরক্ষার জন্য এ প্রশিক্ষণ নিয়ে রাখা ভালো। প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের শরীরের গঠন ভালো রাখা যায়। সারা দিন মন থাকে তরতাজা, ফুরফুরে।’ সপ্তম শ্রেণীর ছাত্রী তৌবা খানম (১৩)। তৌবা বিদ্যালয়ে আসে দুই কিলোমিটার পাহাড়িপথ হেঁটে, ননীমিয়া পাড়া থেকে। এক বছরের প্রশিক্ষণে তৌবা আত্মরক্ষার কয়েকটি ধাপ রপ্ত করেছে। তৌবার সাফ জবাব, ‘কেউ ডিস্টার্ব করলে শায়েস্তা করার জন্য এ প্রশিক্ষণ নিচ্ছি।’ নবম শ্রেণীর আরেক ছাত্রী জানায়, ‘একদিন বিদ্যালয় থেকে ঘরে ফেরার সময় পথে এক ছেলে প্রেম নিবেদন করে চিঠি ছুড়ে মারে। ছেলেটিকে কৌশলে কাছে ডেকে দিলাম এক পিটুনি। সঙ্গে সঙ্গে দৌড়। এখন গ্রামের কোনো ছেলে এ বিদ্যালয়ের মেয়েদের দেখলে সমীহ করে, কথা বলে হিসাব করে। যদি কারাতে কুংফু মারা শুরু করে দেয়, এই ভয়ে।’ সপ্তম শ্রেণীর ছাত্রী শাকিলা আহমদ (১৪) জানায়, দুই কিলোমিটার পাহাড়িপথ হেঁটে বিদ্যালয়ে আসতে এখন ভয় হয় না। এক বছরের প্রশিক্ষণ মনে অনেক বেশি সাহস এনে দিয়েছে। বিদ্যালয়ের সবার ছোট পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহেয়াতুল সিনহা (৯) বলে, ‘এক মাস হচ্ছে কারাতে শিখছি। ঘরে গেলে আম্মু বলে, এই কারাতে মাস্টার, তাড়াতাড়ি খেয়ে নাও। দেরিতে মা রেগে গেলে দৌড়ে মায়ের সামনে গিয়ে কারাতে ধরি। তখন মা-ও ভয় পায়।’ সিনহার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুল হক জানান, বিদ্যালয়টি পুরো গ্রামকে শিক্ষায় আলোকিত করার পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলছে, যা দেশের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হয় না। কারাতে প্রশিক্ষক নুরুল ইসলাম জানান, চার বছর ধরে তিনি এই বিদ্যালয়ের মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। এ পর্যন্ত তিনি ৯২ জন মেয়েকে আত্মরক্ষার পুরোপুরি কৌশল শেখাতে সক্ষম হন। বর্তমানে ৪৮ জন স্কুলপড়ুয়া মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে। এদের বয়স ৯ থেকে ১৫। আগে এলাকার মানুষ মেয়েদের কারাতে কুংফু শেখানো নিয়ে নানা কথা বলত। এখন পরিবারের সদস্যদের আন্তরিকতায় মেয়েরা উত্সাহ নিয়ে কারাতে কুংফুর প্রশিক্ষণ নিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়্যেদ রমজানুল আলম জানান, ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। তখন থেকে তিন বছর আমগাছের নিচে বসিয়ে মেয়েদের পড়ানো হতো। ১৯৯৯ সালের শেষ দিকে ছনের ছাউনিযুক্ত একটি বাঁশের ঘর বেঁধে পাঠদান করা হতো। ২০০০ সালে এ ঘরটি আধাপাকা টিনশেডে উন্নীত করা হয়। ২০০৬ সালে বেলজিয়ামের ‘ওমাস্ট্যান ফাউন্ডেশন’ দ্বিতল একটি পাকা ভবন তৈরি করে দেয়। বর্তমানে এ বিদ্যালয়ের প্রাথমিক শাখায় ২৫৩ ও মাধ্যমিক শাখায় ২২০ জন ছাত্রী লেখাপড়া করছে। এদের মধ্যে ৯০ শতাংশ মেয়ে গরিব ও ঝরে পড়া। অনেকটা ঘর থেকে ধরে এনে এদের মানুষ করা হচ্ছে। এদের স্কুলের পোশাক, বই, খাতা-কলমও কিনে দিতে হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমিজ আহমদ জানান, সায়্যেদ স্যার না হলে এ বিদ্যালয় হতো না। এতগুলো মেয়ের পড়ালেখাও হতো না। বিদ্যালয়ের ১৪ জন শিক্ষকের বেতন-ভাতাও সায়্যেদ স্যারকে পরিশোধ করতে হয়। নিজের জমিজমা বিক্রি করে তিনি বিদ্যালয়টি পরিচালনা করছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছি। সায়্যেদ স্যারের এক ছেলে ব্যারিস্টার, আইন পেশায় নিয়োজিত। আরেক ছেলে সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিন মেয়ের বিয়ে হয় অনেক আগেই। টাকা-পয়সার অভাবও নেই। স্বামী-স্ত্রী সারা দিন স্কুল নিয়ে ব্যস্ত থাকেন।’