দীপালির বিনা বেতনের পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পাস করলেও কলেজের গণ্ডি আর পেরোনো হয়নি দীপালি রানী সরকারের। অভাবের সংসারে বাবা অনেকটা বাধ্য হয়েই অল্প বয়সে তাঁর বিয়ে দেন। বিয়ের পর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। উচ্চশিক্ষা লাভ করতে না পারার হতাশা তাঁকে কুরে কুরে খাচ্ছিল। এ থেকে বাঁচতে তিনি ব্রত নিয়েছেন শিক্ষাবিস্তারের। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজ উদ্যোগে গ্রামে গড়ে তুলেছেন বিনা বেতনের পাঠশালা। পাঠশালার নাম নেই। তবে এলাকার সবাই একে ‘দীপালির পাঠশালা’ বলেই ডাকে। মাতৃস্নেহ আর দায়িত্বশীল শিক্ষকতায় খুব অল্প সময়ে গ্রামের ছোট ছোট ছেলেমেয়ের মন জয় করে নিয়েছেন দীপালি।তিনি দীপালি: নাটোর সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের রঘুনাথ হাওলাদারের মেজ মেয়ে দীপালি রানী সরকার। ১৯৯৪ সালে জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের শ্রী জ্যোতিন্দ্রনাথ সরকারের ছেলে সাধনচন্দ্র সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের ছয় বছরের মাথায় তাঁদের একটি মেয়ে হয়। বাবা-মা আদর করে মেয়ের নাম রাখেন নিপা।স্বামী সাধন পেশায় নরসুন্দর। ভূমিহীন, তাই প্রতিবেশী সম্ভুনাথ ব্রহ্মচারীর দেওয়া একখণ্ড জমিতে বসতভিটা গড়েছিলেন। কিন্তু সম্ভুনাথ পরে ওই জমি স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে ভারতে চলে যান। ফলে বসতভিটা ছাড়তে হয় সাধনকে। বর্তমানে নাটোর সদর উপজেলার নলডাঙ্গায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন সাধন ও দীপালি।পাঠশালার শুরু: স্বামীর দৈনিক আয়ের টাকায় কোনোমতে দীপালির সংসার চলে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্থানীয় বিদ্যালয়ে মেয়ে নিপা দ্বিতীয় শ্রেণীতে পড়ত। অনেক যোগাযোগ করে দীপালি নিজেও ওই বিদ্যালয়ে ৮০০ টাকা মাসিক বেতনে শিক্ষক হিসেবে চাকরি নেন। যত্ন নিয়ে ছেলেমেয়েদের পড়াতেন। হঠাৎ স্কুল কর্তৃপক্ষ তাঁকে ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেন। এদিকে বাবা নরসুন্দরের কাজ করে বলে স্কুলের সহপাঠীরাও দীপালির মেয়েকে ভালো চোখে দেখত না। কটূক্তি করত। তাই মেয়েরও বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়। দীপালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু তিনি দমে যাননি। নিজেই একটি বিদ্যালয় গড়ার সিদ্ধান্ত নেন।দুই বেলা খাওয়া-পরাই যাঁর জন্য কষ্টকর, তিনি বিদ্যালয় গড়বেন কী করে? কিন্তু শিক্ষার প্রতি অসীম আগ্রহ যাঁর, তিনি দমবেন কেন? ২০০৮ সালে ভাড়া বাড়ির উঠানেই মেয়েকে পড়াতে শুরু করেন। সঙ্গে নেন গ্রামের দরিদ্র শিশুদের। পাঠদান: দীপালির পাঠশালায় বর্তমানে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এসব শিক্ষার্থী কাগজে-কলমে আশপাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সেখানকার নির্ধারিত সময়ে তারা সেখানেই ক্লাস করে। আর ছুটির দিন বাদে প্রতিদিন বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দীপালির পাঠশালায় পড়তে আসে। শিক্ষার্থীরা কেউ ক্লাস ফাঁকি দেয় না। বরং দীপালি পাঠশালায় আসতে একটু দেরি করলে শিক্ষার্থীরাই তাঁর বাড়িতে ছুটে যায়। দীপালিও আদর করে তাদের কখনো চকলেট খাওয়ান, কখনো মুড়ি মেখে দেন। খুদে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। অভিভাবকেরাও আগ্রহভরে তাঁদের ছেলেমেয়েদের ওই পাঠশালায় পাঠান। নিজেরাও খোঁজখবর নেন, দীপালিকে নিমন্ত্রণ করে খাওয়ান। তবে পড়ানোর জন্য দীপালি কোনো মাইনে নেন না।শিক্ষার্থী বেড়ে যাওয়ায় এখন আর নিজ বাড়ির উঠানে পাঠশালা চালানো যায় না। তাই তিনি পাশের আমবাগানে পাঠশালা স্থানান্তর করেছেন। খোলা আকাশের নিচে মাটিতে চট বিছিয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করে। শুধু বৃষ্টি এলে নিজ বসত ঘরের বারান্দায় বসিয়ে দীপালি ছেলেমেয়েদের পড়ান।দীপালির পাঠশালায় শিক্ষার্থীদের শুধু পুথিগত শিক্ষাই দেওয়া হয় না; সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শরীরচর্চা, খেলাধুলা, সংস্কৃতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ছবি আঁকা বিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। মাস শেষে নেওয়া হয় মূল্যায়ন পরীক্ষা।পাঠশালায় একদিন: গত ২২ জানুয়ারি বিকেলে এক পা-দুই পা করে গাংগইন গ্রামের মোজাম্মেল হকের আমবাগানে গিয়ে দেখা গেল, ৩০টি শিশু মাথা দুলিয়ে দুলিয়ে শব্দ করে বই পড়ছে। কেউ কেউ আবার ছবিও আঁকছে। বাচ্চাদের মধ্যে বসে মধ্যবয়সী এক নারী কী যেন শেখাচ্ছেন। কাছে গিয়ে দাঁড়াতেই পড়া থামিয়ে শিক্ষার্থীরা সমস্বরে সালাম দিয়ে দাঁড়াল। সাংবাদিক পরিচয় দেওয়ার পর মধ্যবয়সী ওই নারী বললেন, ‘আমি দীপালি রানী। বাচ্চাদের পড়ালেখা করাচ্ছি।’ কেন এই উদ্যোগ, জানতে চাইলে তিনি বলেন, ‘নানা কারণে গ্রামের কিছু ছেলেমেয়ে স্কুলে পড়তে যেতে চায় না। এ কারণে অনেকে পড়ালেখা থেকে ছিটকে পড়ে। আবার আর্থিক সামর্থ্য না থাকায় অনেক অভিভাবক সন্তানকে প্রাইভেট পড়াতে পারেন না। কিছু অভিভাবক নিজেরাও পড়ালেখা জানেন না। তাঁদের ছেলেমেয়েরা পড়ালেখায় খারাপ করছে। এসব সমস্যা আমাকে খুব চিন্তিত করে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি যতটুকু জানি, তা অন্যের মধ্যে ছড়িয়ে দেব।’ দীপালি আরও বলেন, ‘খরচা নিই না এই ভেবে, আমার মেয়ে নিপাকে তো পড়াতে বসতেই হয়। ওর সঙ্গে আরও কিছু ছেলেমেয়ে পড়লে আমার খুব একটা অসুবিধা হয় না। তাদের আমি নিজের ছেলেমেয়ে মনে করি।’তাদের কথা: পাঠশালার প্রথম শ্রেণীর ছাত্রী সাবিনা ইয়াসমিন বলে, ‘দীপালিদির কাছে পড়তে খুব ভালো লাগে।’ দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাকিব জানায়, ‘আমরা কখনো স্কুলে যেতে না পারলেও দিদির পাঠশালায় না আসা হয়নি। দিদি আমাদের সব পড়া বুঝিয়ে দেন। বাড়িতে তেমন পড়তেই হয় না।’ চতুর্থ শ্রেণীর ছাত্রী মমতাজ খাতুন বলে, ‘আমি দিদির কাছে এসে ছবি আঁকা শিখেছি। রাস্তাঘাটে কীভাবে চলতে হয়, তা-ও তিনি শিখিয়েছেন।’গাংগইল গ্রামের গৃহিণী শামীমা বেগম বলেন, ‘আমার মেয়ে আশরাফী এবার দ্বিতীয় শ্রেণীতে উঠেছে। সরকারি স্কুলে ভর্তি করিয়েছি। কিন্তু সেখানে পড়তে চায় না। তাই বাধ্য হয়ে দীপালির কাছে দিয়েছি। সে ভালো পড়াতে পারে। বাচ্চারাও পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে।’নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানম বলেন, ‘দীপালি রানী মায়ের মমতা দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছে। তাই বাচ্চারাও তাকে ছাড়া কিছু বোঝে না।’ তিনি বলেন, ‘যখন শিক্ষকসংকট থাকে, তখন দীপালিকে বললে সে আমার স্কুলে এসেও বাচ্চাদের ক্লাস নিয়ে সহযোগিতা করে।’ শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘কেউ এখন দান বা ত্যাগ করতে রাজি নয়, সবাই কেবল পেতে চায়। দীপালি রানী যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার।’স্থানীয় কাউন্সিলর মজিবর রহমান বলেন, ‘দীপালির স্বামী একজন নরসুন্দর, তার সামান্য আয়। তারা সংসার চালাতে হিমশিম খায়। অথচ ৩০-৩৫টি বাচ্চাকে পড়িয়ে কোনো টাকাপয়সা নেয় না। তাকে বারবার টাকা দিতে চেয়েও কোনো অভিভাবক টাকা দিতে পারেনি।’ এলাকার প্রবীণ ব্যক্তি মোজাম্মেল হক বলেন, ‘আমার আমবাগানে দীপালি পাঠশালা চালায়। আমি এতে গর্ব বোধ করি।’