দীপু মনিও পাকিস্তানে যাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও পাকিস্তান সফরে যাচ্ছেন না। ডি-৮ সম্মেলনে যোগ না দিয়ে আগামী বৃহস্পতিবার সকালে তিনি যাবেন রাশিয়ায়। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ২২ নভেম্বর রাশিয়ায় যাবেন। ২৬ নভেম্বর ফিরে আসবেন। খবর ইউএনবির। পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ সম্মেলনের বদলে রাশিয়া সফরকে কেন গুরুত্ব দিচ্ছেন—এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য দীপু মনি রাশিয়া যাবেন। এর আগে ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কর্মসূচি নিয়ে জটিলতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন না। ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু কর্মসূচি নিয়ে জটিলতার কারণে তিনি তা বাতিল করতে বাধ্য হয়েছেন। মুখপাত্র জানান, ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। পরদিন পাকিস্তানে যাওয়া তাঁর পক্ষে কঠিন পড়বে। ৯ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পক্ষ থেকে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।