দীর্ঘ কারাদণ্ড হতে পারে গাদ্দাফির ছেলে সাইফের
ত্রিপোলিতে বিদ্রোহীদের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা আগে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বলেন, লিবিয়ার অন্য সব নাগরিকের মতোই তাঁর পরিবারকে অনেক মূল্য দিতে হয়েছে।গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ওই বক্তব্যের কোনো ব্যাখ্যা অবশ্য দেননি সাইফ। তবে তাঁর বক্তব্যে এটা স্পষ্ট, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁর বাবা গাদ্দাফির ৪১ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হওয়ার পর দেশটির নাগরিকেরা অনেক দুর্ভোগের শিকার হন।তবে এখন ৩৯ বছর বয়সী সাইফকে অন্য ধরনের মূল্য দিতে হতে পারে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ সময় তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে। তবে সাইফকে আইসিসিতে পাঠানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) ভোটাভুটি করবে।মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহ দমনে তাঁর অনুগত বাহিনীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়ার পর থেকে মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকেরা সাইফ ও তাঁর বাবা গাদ্দাফি এবং গুপ্তচর আবদুল্লাহ আল-সেনুচ্ছির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওই সময় আইসিসির কৌঁসুলি লুই মরেনো-ওক্যাম্পো বলেন, বিদ্রোহ দমন অভিযানে ত্রিপোলি, বেনগাজি ও মিসরাতা শহরে গাদ্দাফির অনুগত বাহিনী অনেক সাধারণ নাগরিককে হত্যা করে। এ ঘটনায় গাদ্দাফিসহ ওই তিনজন ভূমিকা রাখেন।সাইফকে আটকের বিষয়টি গতকাল সোমবার আইসিসির কৌঁসুলি লুই মরেনো নিশ্চিত করে বলেন, ‘আশা করি, শিগগির সাইফকে হেগেতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিদ্রোহ শুরু হওয়ার পর সাইফকে বেশ কয়েকবার সরকারি টেলিভিশনে দেখা গেছে। তিনি মাঝেমধ্যেই নিজেকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন। সরকারি কোনো পদে না থাকলেও স্বৈরশাসক পরিবারের প্রতিনিধি হিসেবে লিবিয়ার শাসনব্যবস্থায় তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেন।গাদ্দাফির আট সন্তানের মধ্যে দ্বিতীয় সাইফ ২০০০ সাল থেকে পরিচিতি পেতে থাকেন। তখন ফিলিপাইনে মুসলিম বিদ্রোহীদের হাতে আটক পশ্চিমা বিশ্বের কয়েকজন নাগরিকের মুক্তির ব্যাপারে তিনি মধ্যস্থতা করেন। ২০০৭ সালে একটি হাসপাতালে এইডসের প্রাদুর্ভাব ছড়ানোর ঘটনায় বলির পাঁঠা হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বুলগেরিয়ার কয়েকজন সেবিকার মুক্তির ব্যাপারে তিনি মধ্যস্থতা করেন। ১৯৮৮ সালের লকারবি বিমান হামলায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চুক্তিতেও মধ্যস্থতা করেন তিনি।রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সাইফ বলেন, ‘আমাদের দৃঢ় মনোবল রয়েছে। ছয় মাস, এক বছর বা দুই বছর—যত সময়ই লাগুক, আমরা প্রতিরোধ চালিয়ে যাব এবং আমরাই জয়ী হব। আমরা নতিস্বীকার করব না এবং পালিয়েও যাব না। এ সিদ্ধান্ত শুধু আমি বা আমার বাবার নয়। এ সিদ্ধান্ত লিবিয়ার জনগণের।’ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল আল-জাজিরা টেলিভিশনকে বলেন, সাইফের ওই বক্তব্য সম্প্রচার হওয়ার কয়েক ঘণ্টা পর নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাঁকে নিরাপদ একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। বিচারকদের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত তাঁকে ওই কক্ষেই রাখা হবে। তবে সাইফকে কখন এবং কোথা থেকে আটক করা হয়, সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। এএফপি।