দীর্ঘ বিরতির পর এক মঞ্চে ম্যাককেইন ও পেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর আবার এক মঞ্চে উঠলেন জন ম্যাককেইন ও সারাহ পেলিন। যুক্তরাষ্ট্র রিপাবলিকান দলের এ দুই তারকা রাজনীতিবিদ মঞ্চ গরম করলেন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে বক্তব্য দিয়ে। গতকাল শুক্রবার অ্যারাইজোনা অঙ্গরাজ্যের টাকসন নগরে উপস্থিত হন সারাহ পেলিন। সিনেটর জন ম্যাককেইনকে পুনর্নির্বাচনে সহযোগিতা করতে তিনি এগিয়ে এসেছেন।পুনর্নির্বাচনের মাঠে প্রবীণ রিপাবলিকান জন ম্যাককেইনের অবস্থা অনেকটাই টালমাটাল। দলীয় প্রাইমারিতেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। সাবেক কংগ্রেসম্যান জে ডি জনমত জরিপে এগিয়ে রয়েছেন।২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন ম্যাককেইন-পেলিন জুটি। নির্বাচনে বারাক ওবামার কাছে হেরে যান জন ম্যাককেইন। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিনের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। ম্যাককেইন-শিবির থেকে সারাহ পেলিনের সমালোচনাও করা হয়। বেফাঁস কথা বলে নির্বাচনে ক্ষতি করেছেন এবং অপরিপক্বতার পরিচয় দিয়েছেন—এমন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও সেই সময় আলাস্কা অঙ্গরাজ্যের অখ্যাত গভর্নর সারাহ পেলিনকে নাটকীয়ভাবে রাজনৈতিক মঞ্চে নিয়ে এনেছিলেন জন ম্যাককেইন।নির্বাচনে হেরে গেলেও সারাহ পেলিন রক্ষণশীল আমেরিকানদের কাছে এখন তারকা। বই লিখে সাড়া জাগিয়েছেন, যেখানে নির্বাচনী প্রচারণার সময় জন ম্যাককেইনের প্রচারণা-কর্মীদের নানা কথা লিখেছেন। এর মধ্যে পদত্যাগও করেছেন গভর্নরের পদ থেকে। বর্তমানে প্রচুর অর্থের বিনিময়ে তিনি বক্তৃতা করে বেড়ান আর মোটা অঙ্কের সম্মানি নিয়ে ফক্স নিউজের টক শো পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।তারকা ভাবমূর্তি নিয়েই অ্যারাইজোনার নির্বাচনী প্রচারণায় উপস্থিত হন সারাহ পেলিন। সারাহ পেলিন মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই ম্যাককেইনের হাজার হাজার সমর্থকের স্লোগান ওঠে ‘সারাহ’, ‘সারাহ’। এ সময় মঞ্চের এক পাশে অনেকটাই চুপচাপ দাঁড়িয়ে ছিলেন জন ম্যাককেইন।সারাহ পেলিন তাঁর বক্তৃতায় বলেন, “সব রক্ষণশীলের আজ জন ম্যাককেইনকে সমর্থন করা উচিত। বারাক ওবামা যে স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করেছেন, আদালতের রায়ে তা পাল্টে যাবে। আমরা দেখছি, কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘ওবামা কেয়ার’ পছন্দ করছেন, অথচ আমরা করছি না।” এর মধ্যেই সব প্রশ্নের উত্তর রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সমাজতন্ত্রী।জন ম্যাককেইনও তাঁর বক্তব্যে প্রেসিডেন্ট বারাক ওবামার উদার নীতিমালার কট্টর সমালোচনা করেন।