দীর্ঘ লম্ফ ও দৌড়ে জেসমিনের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো শিক্ষাজীবন শেষ হয়নি তাঁর। প্রাইমারি থেকে হাইস্কুল পর্যন্ত শিক্ষাজীবন ছিল তাঁর সাফল্যভরা। ওই সময় পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফ ও ১০০, ২০০ মিটার দৌড়ে বরাবরই হয়েছেন প্রথম। জাতীয় স্কুল পর্যায়ে দীর্ঘ লম্ফ ও দৌড় প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছিলেন অর্ধশতাধিক সনদ, স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। এই মানুষটি হলেন জেসমিন আখতার (২১)। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামে। জেসমিনের বাবা নুরুজ্জামান পেশায় ভূমিহীন বর্গাচাষি, মা ছরদা বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে জেসমিনই সবার ছোট। আক্কেলপুর মুজিবর রহমান ডিগ্রি কলেজে বিএ শ্রেণীতে অধ্যয়নরত জেসমিন আখতার। ভবিষ্যতে আরো বেশি খেলাধুলায় অংশ নেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও অভাবের কারণে তা হয়ে ওঠেনি।জেসমিনের খোঁজে উপজেলা সদর থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার দূরে রাজকান্দা গ্রামের অবস্থান। উপজেলা সদরের তুলসীগঙ্গা নদীর ধার দিয়ে পাকা রাস্তাটি ওই গ্রামে গিয়ে পৌঁছেছে। একসময়ের খরস্রোতা শ্রী নদীর পারের ওপর বাঁশঝাড়ের ভেতরে সরঞ্জার বেড়া দেওয়া ছোট্ট বাড়িটি জেসমিনদের। বাড়ির ভেতরে গিয়ে দেখা গেল, টিউবওয়েলের পাড়ে ছোট্ট একটি মেয়ে হাঁড়িপাতিল ধোয়ার কাজ করছেন। কাছে গিয়ে তাঁকে বললাম ‘জেসমিন কোথায়?’ একটু মিষ্টি হেসে উত্তর দিলেন, ‘আমিই জেসমিন।’ ঢেউটিন দিয়ে ঘেরা দুটি ঘর। একটিতে থাকেন জেসমিন, অন্যটিতে তাঁর মা-বাবা। জেসমিন নিয়ে গেলেন তাঁর ঘরে। বসতে দিলেন চৌকির ওপর। চৌকির সামনে একটি শোকেস, তাতে দেখা গেল ঘড়ি, প্লেট, গ্লাস, ডিনারসেটসহ বিভিন্ন জিনিস সাজানো। জেসমিন জানান, প্রাইমারি থেকে হাইস্কুল পর্যন্ত সময়ে স্থানীয়ভাবে অনুষ্ঠিত দীর্ঘ লম্ফ ও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে এগুলো পুরস্কার পেয়েছেন। বাড়ির শোকেসে সাজানো জিনিসপত্র কোনোটিই কেনা নয়। তিনি আরও জানান, আন্ত থানা, জেলা, বিভাগ, অঞ্চল ও জাতীয় পর্যায়ে দীর্ঘ লম্ফ ও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮২টি সনদপত্র, পাঁচটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক পেয়েছেন।যেভাবে সাফল্য শুরুজেসমিন বলেন, ‘সংসারে অভাব-অনটনের কারণে ১৯৯৮ সালে মা-বাবা আমাকে ঢাকায় দূর সম্পর্কের ফুফু শামছুন নাহারের বাসায় রাখেন। ফুফু আমাকে মতিঝিল বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করান। ওই একাডেমি থেকে একই বছর অনুষ্ঠিত শিশু পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিই। দীর্ঘ লম্ফ ও দৌড়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পাই। শুরু হয় সাফল্যের যাত্রা। এরপর ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসি। উপজেলার সোনামুখী হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। আন্ত থানা, স্কুল ও মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দীর্ঘ লম্ফ ও দৌড়ে প্রথম স্থান লাভ করি। এরপর জেলা, বিভাগ, অঞ্চলভিত্তিক অনুষ্ঠিত দীর্ঘ লম্ফ ও দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করি। ২০০৩ সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছি।’দরিদ্রতা ও চর্চার অভাবজেসমিনের বাবা নুরুজ্জামান ভূমিহীন বর্গাচাষি। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনো রকমে সংসার চালান। জেসমিনও সংসারের কিছু ব্যয়ভার বহন করছেন। জেসমিনের বাবা বলেন, ‘২০০৫ সালে জেসমিন এসএসসি পাস করার পর তাকে আক্কেলপুর মহিলা কলেজে ভর্তি করাই। কলেজে ওঠার পর জেসমিনের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি।’ জেসমিনের মা ছরদা বেগম জানান, খেলাধুলায় এখনো জেসমিনের অসম্ভব টান আছে। কিন্তু সাংসারিক কাজ ও পড়াশোনার চাপে তা হয়ে ওঠেনি। জেসমিন আখতার জানান, সংসারের অভাব-অনটনের কথা চিন্তা করে সরকারি চাকরির জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি চাকরির জন্য বলেছেন। তিনি বলেন, ‘এতগুলো সনদ ও পদক অর্জনের পর ভেবেছিলাম আরও ভালো করব। সাংসারিক অভাব-অনটনের কারণে আর এগোনো সম্ভব হয়নি। টাকার অভাবে একটি স্বর্ণপদক নষ্ট করতে হয়েছে। কলেজে যাওয়ার পর থেকে খেলাধুলা চর্চা করতে পারিনি।’সোনামুখী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস ছামাদ মণ্ডল বলেন, জেসমিন আখতার এই বিদ্যালয়ের ছাত্রী থাকাবস্থায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছিল। ছাত্রজীবনে খেলাধুলায় এতগুলো সনদ ও পদক বিরল অর্জন।আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, জেসমিন একজন কৃতী খেলোয়াড়। অভাবের বাধায় এই কৃতী খেলোয়াড় এগোতে পারেনি।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ হাই বলেন, ‘জেসমিনের কৃতিত্ব আমরা জেনেছি। দীর্ঘ লম্ফ ও দৌড় প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদকসহ বহু সনদপত্র অর্জন করেছেন। সরকারিভাবে তাঁর মূল্যায়ন হওয়া উচিত।’ আক্কেলপুরের ইউএনও এস এ এম রফিকুন্নবী প্রথম আলোকে বলেন, ‘এত কম বয়সে এত সনদ কারও দেখিনি। সরকারি কোনো সুযোগ-সুবিধা এলে তাঁকে দেওয়ার চেষ্টা করা হবে।’