দীর্ঘ সময় জেরা ‘নির্যাতন’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ সময় জেরার মুখোমুখি হওয়াকে ‘নির্যাতনের’ সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবির।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আসামিপক্ষের জেরার সম্মুখীন হন শাহরিয়ার কবির। আজ তাঁকে প্রায় দুই ঘণ্টা জেরার পর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তিনি অসুস্থ বোধ করছেন, এ জন্য কার্যক্রম মুলতবি চান।এ সময় শাহরিয়ার কবির বলেন, ‘আমিও অসুস্থ। আমার কাছে নির্যাতন মনে হচ্ছে। মনে হচ্ছে, এখানে সাক্ষ্য দিতে এসে অপরাধ করে ফেলেছি।’জেরা শেষ করতে আর কত সময় লাগবে—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, তিনি দুই সেশনের মধ্যে (প্রায় পাঁচ ঘণ্টা) জেরা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।গত ২৬ আগস্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে প্রায় তিন ঘণ্টা জবানবন্দি দেন। ৩০ আগস্ট, ১ ও ৫ সেপ্টেম্বর এবং আজ মিলিয়ে তাঁকে প্রায় ১০ ঘণ্টা জেরা করেছেন আসামিপক্ষ।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দীর্ঘ সময় জেরা করে আসামিপক্ষ মামলার কার্যক্রম বিলম্বিত করতে চাচ্ছে। অন্যান্য মামলায়ও তাঁদের সাক্ষীদের দীর্ঘ সময় জেরার নজির রয়েছে।এর আগে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন আসামিপক্ষের দীর্ঘ জেরায় অসন্তোষ জানিয়েছিলেন। সোয়া তিন ঘণ্টার জবানবন্দির বিপরীতে তাঁকে তিন দিনে প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়। এর পরও তাঁকে জেরা করা শেষ হয়নি। ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে তাঁর সুবিধামতো দিনে জেরা শেষ করবে আসামিপক্ষ। একই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আসামিপক্ষ চার দিনে প্রায় নয় ঘণ্টা জেরা করেছিল। কিন্তু তিনি মাত্র এক ঘণ্টা জবানবন্দি দিয়েছিলেন।এ ব্যাপারে জানতে চাইলে মিজানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, জবানবন্দিতে দেওয়া সাক্ষীর বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জেরা করা হচ্ছে। মামলা বিলম্বিত করার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য ও অগ্রহণযোগ্য’।