দীর্ঘ সময় জেরাকে ‘নির্যাতনের’ সঙ্গে তুলনা শাহরিয়ার কবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ সময় আসামিপক্ষের জেরাকে ‘নির্যাতনের’ সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবির। গতকাল বৃহস্পতিবার তাঁকে চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ জেরা হয়। শাহরিয়ার কবিরকে প্রায় দুই ঘণ্টা জেরার পর মিজানুল ইসলাম বলেন, তিনি অসুস্থ বোধ করছেন, এ জন্য কার্যক্রম মুলতবি চান।এ সময় শাহরিয়ার কবির বলেন, ‘আমিও অসুস্থ। আমার কাছে নির্যাতন মনে হচ্ছে। মনে হচ্ছে, এখানে সাক্ষ্য দিতে এসে অপরাধ করে ফেলেছি।’জেরা শেষ করতে আর কত সময় লাগবে—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, দুই সেশনের (প্রায় পাঁচ ঘণ্টা) মধ্যে জেরা শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবেন।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির গত ২৬ আগস্ট ট্রাইব্যুনালে প্রায় তিন ঘণ্টা জবানবন্দি দেন। পরে গত ৩০ আগস্ট, ১ ও ৫ সেপ্টেম্বর এবং গতকাল পর্যন্ত তাঁকে প্রায় ১০ ঘণ্টা জেরা করেছে আসামিপক্ষ।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় জেরা করে আসামিপক্ষ মামলার কার্যক্রম বিলম্বিত করতে চাচ্ছে। অন্যান্য মামলাতেও তাঁদের সাক্ষীদের দীর্ঘ সময় জেরার নজির রয়েছে।এর আগে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন আসামিপক্ষের দীর্ঘ জেরায় অসন্তোষ জানিয়েছিলেন। তাঁকে তিন দিনে প্রায় ১০ ঘণ্টা জেরার পরও তা অসমাপ্ত রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে, তাঁর সুবিধামতো দিনে এই জেরা শেষ করবে আসামিপক্ষ। একই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আসামিপক্ষ চার দিনে প্রায় নয় ঘণ্টা জেরা করেছিল। তাঁর জবানবন্দি ছিল মাত্র এক ঘণ্টার।জানতে চাইলে মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে দেওয়া সাক্ষীর বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জেরা করা হচ্ছে। মামলা বিলম্বিত করার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য ও অগ্রহণযোগ্য’।আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে গতকাল জেরায় মিজানুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে কবি বেগম সুফিয়া কামালকে চেয়ারম্যান এবং শফিক আহমেদকে সমন্বয়কারী করে ১১ সদস্যের জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছিল। এ গণতদন্ত কমিশনের একটি সচিবালয় ছিল। এ বক্তব্য সমর্থন করেন শাহরিয়ার কবির। ওই সচিবালয়ের সব সদস্য কি গণতদন্ত কমিশনের তদন্তে সক্রিয় সহযোগিতা করেছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সদস্য সক্রিয় ছিলেন না। যাঁরা সক্রিয় ছিলেন, তাঁদের নাম কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতদন্ত কমিশনের অনুরোধে তিনি তদন্তকাজ করেছেন, কিন্তু সচিবালয়ের সদস্য ছিলেন না। তিনি প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন।গণতদন্ত কমিশন যাঁদের বিরুদ্ধে তদন্ত করছিল, তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য কি কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বলেন, নোটিশ দেওয়া হয়নি। যাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছিল, বিভিন্ন সময় পত্রপত্রিকায় ছাপা হওয়া তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের অবস্থান জানা গেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বক্তব্য জানার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পরে তাঁদের বক্তব্য মাঠপর্যায়ে গিয়ে অনুসন্ধান করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদের নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আইনজীবী বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য উদ্ধৃত করা হয়নি। সাক্ষী বলেন, এটা সত্য নয়। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য সংবাদপত্র থেকে উদ্ধৃত করা হয়েছে।পরে মিজানুল ইসলাম ১৯৫৩ সালে পাকিস্তানের লাহোরসহ বিভিন্ন এলাকায় আহমদিয়া মুসলিমবিরোধী (কাদিয়ানি) দাঙ্গা এবং এ-সংক্রান্ত ১৯৫৪ সালে বিচারপতি মুনীর ও বিচারপতি কায়ানি কমিশনের প্রতিবেদন নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন।পরে শাহরিয়ার কবিরকে জেরার জন্য ট্রাইব্যুনাল ৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।